চার বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে ফুটবলপ্রেমীদের। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, এরপরই মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আসতেকা স্টেডিয়ামে পর্দা উঠবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের।
বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত ১টায় পর্দা উঠবে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এবারের আসর নানা দিক থেকেই বিশেষ। প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই মহাযজ্ঞ।
মাঠের লড়াই শুরুর আগে থাকবে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। ম্যাচ শুরুর প্রায় ৯০ মিনিট আগে মঞ্চ মাতাবেন চারবারের গ্র্যামি জয়ী বিশ্বখ্যাত শিল্পী শাকিরা। তার সাথে পারফর্ম করবেন কলম্বিয়ান তারকা জে বালভিন ও প্রোটিয়া গায়িকা টাইলা।
সুরের আবেশ শেষে রেফারির বাঁশিতে শুরু হবে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ, যেখানে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। এ ম্যাচটি ফুটবলপ্রেমীদের ফিরিয়ে নিয়ে যাবে ২০১০ সালের স্মৃতিতে।
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সেই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও এই দুই দল মুখোমুখি হয়েছিল। জোহানেসবার্গের সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।
এদিকে এস্তাদিও আসতেকা স্টেডিয়াম গড়তে যাচ্ছে নতুন ইতিহাস—১৯৭০ ও ১৯৮৬ সালের পর তৃতীয়বারের মতো বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজন করবে এই ভেন্যু, যা ফুটবল ইতিহাসে প্রথম।
আর ঘরের মাঠে প্রায় ৮০ হাজার দর্শকের সমর্থন নিয়ে মাঠে নামবে মেক্সিকো। যা স্বাভাবিকভাবেই স্বাগতিকদের দেবে বাড়তি আত্মবিশ্বাস।
কাগজে-কলমে বা ফিফা র্যাঙ্কিং; সবদিক বিবেচনায় মেক্সিকোই ম্যাচের ফেবারিট। হাভিয়ের আগুয়েরের অধীনে দলটি টানা আট ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপে এসেছে, যা তাদের ইতিহাসে অন্যতম সেরা প্রস্তুতি।
সর্বশেষ তিনটি প্রীতি ম্যাচেও অস্ট্রেলিয়া, ঘানা ও সার্বিয়ার বিপক্ষে জয় পেয়েছে তারা। তবে ঘরের মাঠের বাড়তি প্রত্যাশা সামলানোই হবে তাদের বড় পরীক্ষা। যা উৎরাতে পারলেই আসরে শুভ সূচনা পাবে তারা।
তবে ১৬ বছর পর বিশ্বকাপে ফেরা দক্ষিণ আফ্রিকার প্রস্তুতি খুব একটা স্বস্তিদায়ক না। ভিসা জটিলতায় কয়েকজন খেলোয়াড় সময়মতো মেক্সিকোতে পৌঁছাতে পারেনি। ফলে পরিবেশের সাথে মানিয়ে নেয়ার সুযোগও কম পেয়েছে দলটি।
এছাড়া শেষ তিনটি প্রীতি ম্যাচে জয়হীন তারা। যা প্রোটিয়াদের জন্য উদ্বেগের বিষয়। তবে কোচ হুগো ব্রুসের বিশ্বাস, গ্যালারির চাপ ভুলে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলেই চমক দেখানো সম্ভব।
দুই দলের মুখোমুখি ইতিহাসেও রয়েছে দারুণ প্রতিদ্বন্দ্বিতা। চারবারের সাক্ষাতে মেক্সিকো জিতেছে দু’টি ম্যাচ, দক্ষিণ আফ্রিকা জিতেছে একটি ম্যাচে। অন্য ম্যাচটি ড্র হয়।
এবারের বিশ্বকাপে গ্রুপ ‘এ’-তে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার সাথে রয়েছে দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র।
উল্লেখ্য, ৪৮ দলের এবারের বিশ্বকাপে ১২টি গ্রুপের শীর্ষ দুই দলের পাশাপাশি সেরা আটটি তৃতীয় স্থান অর্জনকারী দলও প্রথমবারের মতো রাউন্ড অব ৩২-এ খেলার সুযোগ পাবে।



