বিশ্বকাপের আগে মেসির গোল, স্বস্তিতে আর্জেন্টিনা

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনা ৩-০ গোলে আইসল্যান্ডকে হারিয়েছে। বদলি হিসেবে নেমে গোল ও একটি গোলের সুযোগ তৈরি করে লিওনেল মেসি নিজের ফিটনেস নিয়ে সব শঙ্কা দূর করেছেন, যা বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে স্বস্তি ও আত্মবিশ্বাস বাড়িয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
আইসল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলে জয় আর্জেন্টিনার
আইসল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলে জয় আর্জেন্টিনার |সংগৃহীত

সম্ভাব্য সেরা প্রস্তুতি নিয়েই বিশ্বকাপে যাচ্ছে আর্জেন্টিনা। টানা দুই জয় বাড়িয়ে দিয়েছে আত্মবিশ্বাস-অনুপ্রেরণা। হন্ডুরাসের পর আইসল্যান্ডকেও হারাল লিওনেল স্ক্যালোনির দল। জয় এসেছে ৩-০ গোলে।

তবে বড় প্রাপ্তি মেসির ফেরা। আগের ম্যাচে খেলেননি মেসি, এই ম্যাচেও তার খেলা নিয়ে ছিল শঙ্কা। সেই শঙ্কা দূর করে ৬৯ মিনিটে মাঠে নামেন মেসি। এরপর গোল করে ও করিয়ে জানান দেন যে বিশ্বকাপের জন্য প্রস্তুত তিনিও।

এমএলএসে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে পায়ের পেশির অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছিলেন ইন্টার মায়ামি অধিনায়ক, যা শঙ্কায় ফেলে দিয়েছিল আলবিসেলেস্তে সমর্থকদের। তবে শঙ্কা শেষে স্বস্তি ফিরেছে।

বুধবার (১০ জুন) বাংলাদেশ সময় সকালে জর্ডান-হেয়ার স্টেডিয়ামে বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রীতি ম্যাচে আইসল্যান্ডের মুখোমুখি হয় আলবিসেলেস্তারা। শুরু থেকেই বলের উপর নিয়ন্ত্রণ ধরে রাখে আর্জেন্টিনা।

ম্যাচের অষ্টম মিনিটেই লিডও পেয়ে যায় দলটা। জটলার মাঝ থেকে কেউ বল ক্লিয়ার করলে তা বক্সের বাইরে পান ভ্যালেন্টিন বার্কো। সুযোগ পেয়ে বা পায়ের জোরাল শটে বল জালে পাঠান এই তরুণ মিডফিল্ডার।

আর্জেন্টিনার জার্সিতে চতুর্থ ম্যাচ খেলতে নেমে দ্বিতীয় গোলের দেখা পেলেন স্ট্রসবার্গের এই মিডফিল্ডার। এরপর প্রথমার্ধে আর গোল না পেলেও লিড ধরে রেখেই বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে আর্জেন্টিনা। এই অর্ধে প্রথম বড় সুযোগ আসে ৫৬ মিনিটে। ফাঁকা গোলে অবিশ্বাস্যভাবে গোল করতে ব্যর্থ হন লাউতারো মার্টিনেজ।

এরপর ৬৯ মিনিটে মাঠে আসেন মেসি। মাঠে নামার কয়েক সেকেন্ডের মধ্যেই তার নিখুঁত পাস থেকে পেনাল্টি আদায় করেন লাউতারো মার্টিনেজ। সুযোগ পেয়ে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন মেসি।

আর ম্যাচের শেষ দিকে মেসি ও মার্টিনেজের চমৎকার পাসিং সমন্বয়ে তৈরি হওয়া আক্রমণ থেকে তৃতীয় গোলটি করেন থিয়াগো আলমাদা। তার গোলেই ৩-০ ব্যবধানে নিশ্চিত হয় আর্জেন্টিনার জয়।

বিশ্বকাপের আগে এই দাপুটে জয় আর্জেন্টিনার আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দিবে নিঃসন্দেহে।