চিরপ্রতিদ্বন্দ্বী দলের জয়ে প্রশংসা করতে কার্পণ্য করলেন না ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি রিভালদো। মিসরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় প্রত্যাবর্তন, জয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়া আর লিওনেল মেসির অনবদ্য নেতৃত্ব— মুগ্ধ করেছে সাবেক এই ব্রাজিলিয়ান তারকাকে।
আটলান্টায় অনুষ্ঠিত বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। তবে শেষ ১০ মিনিটে তিন গোল করে ৩-২ ব্যবধানে অবিশ্বাস্য এক জয় তুলে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
সেই নাটকীয় জয় নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় লিওনেল স্কালোনির দল। ম্যাচ শেষে নিজের ইনস্টাগ্রাম পোস্টে আর্জেন্টিনার লড়াকু মানসিকতার ভূয়সী প্রশংসা করেন রিভালদো।
তিনি লেখেন, ‘কী দারুণ লড়াই, কী অসাধারণ জয়ের আকাঙ্ক্ষা, কী নিবেদন! বিশ্বকাপে সমর্থকেরা তাদের দলের কাছ থেকে ঠিক এমনটাই দেখতে চায়। শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের উজাড় করে দেয়ার এই মানসিকতাই ফুটবলকে বিশেষ করে তোলে।’
মেসির প্রশংসা করতে গিয়ে রিভালদো বলেন, ‘মেসিকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। ৩৯ বছর বয়সে সে নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলছে, কিন্তু আর্জেন্টিনার জার্সির প্রতি তার আবেগ একটুও কমেনি। সে এখনো উদযাপন করে, লড়াই করে, কান্না করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের জন্য পার্থক্য গড়ে দেয়।’
ফুটবলের অন্যতম বড় প্রতিদ্বন্দ্বিতা ব্রাজিল-আর্জেন্টিনার। এবারের বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবু ভালো ফুটবলের প্রশংসা করতে দ্বিধা নেই রিভালদোর।
তিনি বলেন, ‘আমি ব্রাজিলিয়ান ও সবসময়ই ব্রাজিলকে সমর্থন করব। কিন্তু প্রতিদ্বন্দ্বিতা ফুটবলেরই অংশ। যখন কোনো দলকে মাঠে নিজেদের সবটুকু উজাড় করে দিতে দেখি, তখন তাদের প্রাপ্য সম্মান দিতেও জানি।’
শেষে আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে রিভালদো বলেন, ‘এ ধরনের ম্যাচ ফুটবলের মর্যাদা আরো বাড়িয়ে দেয়। বিশ্বকাপে এমন লড়াইই সবাই দেখতে চায়। কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য আর্জেন্টিনাকে অভিনন্দন।’
মিসরের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় দিয়ে শেষ আট নিশ্চিত করা আর্জেন্টিনা এবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে সুইজারল্যান্ডের। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১২ জুলাই, বাংলাদেশ সময় সকাল ৭টায়, ক্যানসাস সিটিতে।


