প্রথম দুই ম্যাচ হারলেও পরের রাউন্ডে যাওয়ার শেষ একটা সুযোগ পেয়েছিল বাংলাদেশ। শেষ ম্যাচে ভিয়েতনামকে হারাতে পারলে পরের রাউন্ডের টিকিট পেতে পারতো লাল-সবুজের দল।
তবে সেই আশা পূর্ণ হয়নি। শেষ সুযোগটাও হাতছাড়া করেছে বাংলাদেশ। ভিয়েতনামের বিপক্ষে ১-০ হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলো বাংলাদেশ। জয়শূন্য শেষ হলো অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ অধ্যায়।
কিছুদিন আগেই হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভিয়েতনামের কাছে হেরেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এবার তাদের কাছে হারলো নারীরাও।
থাইল্যান্ডের নন্থাবুরিতে এশিয়ান কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভিয়েতনামের কাছে বাংলাদেশের হার ১-০ গোলে। ৪৯তম মিনিটে দেশটির হয়ে একমাত্র গোলটা করেন থি থু লিন এনগুয়েন।
এই এক গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। অন্যদিকে, এমন বাঁচা-মরার ম্যাচেও বাংলাদেশ দল তেমন ধারালো আক্রমণ গড়ে তুলতে পারেনি।
স্ট্রাইকার সাগরিকাকে সামনে রেখে সাজানো আক্রমণভাগ ভিয়েতনামের রক্ষণভাগে কোনো ভীতি ছড়াতে পারেনি। গোল করার মতো পরিষ্কার সুযোগও সেভাবে তৈরি করতে পারেনি।
ফলে শেষ পর্যন্ত হার মেনে নিয়েই মাঠ ছাড়তে হয়। এর আগে গ্রুপে নিজেদের প্রথম দুই ম্যাচে থাইল্যান্ডের কাছে ৩-২ ও চীনের কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ।
তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ এবং তৃতীয় হওয়া তিন দলের মধ্যে সেরা দুটি যাবে কোয়ার্টার-ফাইনালে। তবে, বাংলাদেশ তিন ম্যাচেই হেরে নিজেদের গ্রুপে হয়েছে চতুর্থ।



