ফাইনালে ফিরছে ‘ফিনালিসিমা’: মুখোমুখি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দুই দল

একদিকে ইউরো চ্যাম্পিয়ন বনাম কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ও অন্যদিকে ফিফা র‍্যাঙ্কিংয়ের এক ও দুই নম্বর দলের লড়াই— দুটি ঐতিহাসিক ঘটনা একই ম্যাচে মিলিত হতে যাচ্ছে। যা ফাইনালকে আরো আকর্ষণীয় করে তুলেছে।

নয়া দিগন্ত অনলাইন
ফাইনাল যেন দুই মহাদেশের লড়াই
ফাইনাল যেন দুই মহাদেশের লড়াই |প্রতীকী ছবি

বিশ্বকাপের ফাইনালে ফিরছে ফিনালিসিমা। ঘটছে এক অভূতপূর্ব ঘটনা। মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফলে ম্যাচটি এখন শুধু শিরোপার লড়াই নয়, দুই মহাদেশের শ্রেষ্ঠত্বের পরীক্ষাও।

ইউরো ও কোপা আমেরিকার শিরোপাজয়ী দুই দলের দেখা হওয়ার কথা ছিল ফিনালিসিমায়। তবে নানা কারণে সেই ম্যাচ আর অনুষ্ঠিত হয়নি। অবশেষে সেই প্রতীক্ষিত লড়াইয়ের মঞ্চ হয়ে উঠেছে বিশ্বকাপের ফাইনাল।

দুই দলের এই দ্বৈরথে জড়িয়ে আছে দুই মহাদেশের মর্যাদা, গৌরব এবং আধিপত্যের প্রশ্নও। ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে তাই অপেক্ষা করছে এক মহা লড়াই, যার আবহ অনেকটাই অঘোষিত ফিনালিসিমার মতো।

ফলে বিশ্ব ফুটবলে ইউরোপ সেরা নাকি দক্ষিণ আমেরিকা সেরা—এই প্রশ্নের উত্তর মিলবে ফুটবলের ফাইনালের মঞ্চেই। তাই অনেকের কাছেই এবারের বিশ্বকাপ ফাইনাল যেন অপূর্ণ থেকে যাওয়া ফিনালিসিমারই পূর্ণতা।

এর আগে বিশ্বকাপের ইতিহাসে কখনোই এমন ঘটনা ঘটেনি। যেখানে একই সময়ে ইউরো ও কোপা আমেরিকার বর্তমান দুই চ্যাম্পিয়ন ফাইনালে একে অপরের প্রতিপক্ষ হয়েছে। এই বিরল কীর্তি ফুটবলপ্রেমীদের জন্য বাড়তি উত্তেজনা তৈরি করেছে।

শুধু তাই নয়, বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ফাইনালে মুখোমুখি হচ্ছে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দুই দল। টুর্নামেন্ট শুরুর আগে প্রকাশিত ফিফা বিশ্ব র‍্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা ছিল বিশ্বের এক নম্বর দল ও স্পেন ছিল দুই নম্বরে।

১৯৯২ সালে ফিফা বিশ্ব র‍্যাঙ্কিং চালু হওয়ার পর এই প্রথমবারের মতো কোনো ফিফা বিশ্বকাপ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দুই দল। এর আগে বিশ্বকাপের ইতিহাসে এমন নজির কখনো দেখা যায়নি।

একদিকে ইউরো চ্যাম্পিয়ন বনাম কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ও অন্যদিকে ফিফা র‍্যাঙ্কিংয়ের এক ও দুই নম্বর দলের লড়াই— দুটি ঐতিহাসিক ঘটনা একই ম্যাচে মিলিত হতে যাচ্ছে। যা ফাইনালকে আরো আকর্ষণীয় করে তুলেছে।

উল্লেখ্য, আগামী ১৯ জুলাই রোববার মাঠে গড়াবে বিশ্বকাপ ফাইনাল। যেখানে নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে মুখোমুখি হবে স্পেন এবং আর্জেন্টিনা।