৩ ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন ইন্টার মিলান, সান সিরোতে রাতভর উৎসব

লিগ জেতা ইন্টারের সামনে এখন ইতিহাস গড়ার সুযোগ। ১৩ মে রোমের অলিম্পিক স্টেডিয়ামে কোপা ইতালিয়ার ফাইনালে লাৎসিওকে হারাতে পারলে হবে অনন্য এক রেকর্ড।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

উৎসবের প্রস্তুতি নেয়াই ছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। রোববার রাতে পার্মাকে ২-০ গোলে হারিয়ে সেই কাজটুকুও সেরে নিয়েছে ইন্টার মিলান। জিতে নিয়েছে সিরি ‘আ’।

এটা ইন্টার মিলানের ২১তম লিগ শিরোপা, যা গত ছয় মৌসুমে যা তৃতীয়। সব মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা জয়ী দল তারা, ৩৬ শিরোপা নিয়ে সবার ওপরে আছে জুভেন্টাস।

শিরোপা নিশ্চিত হওয়ার পর সান সিরো স্টেডিয়াম থেকে পুরো মিলান শহরজুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। নীল-কালো রঙে ছেয়ে যায় নগরী, নেচে-গেয়ে উল্লাসে মাতে সমর্থকরা।

বছর খানেক আগেও হতাশায় জর্জরিত ছিল ইন্টার মিলান ক্লাবটি। সর্বশেষ আসরে মাত্র ১ পয়েন্টের ব্যবধানে লিগ শিরোপা হাতছাড়া করে ইন্টার। আর চ্যাম্পিয়নস লিগ ফাইনালে হারে পিএসজির সাথে।

কিন্তু সুসময় ফিরে আসতে মোটেও সময় লাগেনি। যার কারিগর কোচ ক্রিস্টিয়ান চিভু। ইন্টারের হয়ে ১৬৮ ম্যাচ খেলা চিভু প্রথমবারেই লিগ জেতালেন দলকে।

শিরোপা নিশ্চিত করার দিনে প্রথম গোল আসে প্রথমার্ধের শেষ মুহূর্তে। মার্কুস থুরামের নিখুঁত ফিনিশ দলকে এগিয়ে দেয়। এরপর দ্বিতীয়ার্ধে হেনরিখ মিখিতারিয়ানের গোলে নিশ্চিত হয় জয়।

জয় নিশ্চিত হওয়ার সাথে শিরোপাও নিজেদের করে নেয় ইন্টার মিলান। ৩ ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয় তারা।

লিগ জেতা ইন্টারের সামনে এখন ইতিহাস গড়ার সুযোগ। ১৩ মে রোমের অলিম্পিক স্টেডিয়ামে কোপা ইতালিয়ার ফাইনালে লাৎসিওকে হারাতে পারলে হবে অনন্য এক রেকর্ড।

ক্লাব ইতিহাসে তৃতীয়বারের মতো লিগ ও কাপ—দুই শিরোপাই জিতবে ইন্টার। সবশেষ ২০১১ সালে জোসে মরিনিওর কোচিংয়ে একই মৌসুমে সিরি ‘আ’ ও কোপা ইতালিয়া জিতেছিল দলটি।