সবাই অপেক্ষা করে ছিলেন বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে দেশী ছেলে সঞ্জয়ের পারফর্ম্যান্স দেখার জন্য। পারফর্ম করলেন বটে, তবে নজর কাড়লেন নিজের পোশাকে। যেখানে তিনি ধারণ করেছেন বাংলাদেশকে।
কানাডায় বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে শুক্রবার টরেন্টোতে পারফর্ম করেন বাংলাদেশী-মার্কিন ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয় দেব। নোরা ফাতেহি ও ভেজিড্রিমের সাথে মঞ্চে এসে রীতিমতো চমক দেন তিনি।
এই বাংলাদেশী মিউজিশিয়ান গায়ে চাপিয়ে আসেন শাপলা, রয়েল বেঙ্গল টাইগার ও বাংলাদেশের পতাকার এম্ব্রয়ডারি করা স্লিভের জ্যাকেট। গ্রেটেস্ট শো অন দ্য আর্থে দেশকে তুলে ধরেন তিনি নিজের ফ্যাশনের মাধ্যমে।
আর পারফর্ম করার সময় যেভাবে সঞ্জয় নিজের জ্যাকেটের হাতার দিকে আঙুল নির্দেশ করে বারবার সেই নকশার দিকে ইশারা করে তিনি। যেন জানিয়ে দিচ্ছিলেন যে এটাই তার শিকড়, এটাই তার পরিচয়।
ইতোমধ্যে দেশ-বিদেশের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সঞ্জয়ের পারফরম্যান্সের ভিডিও শেয়ার করে তাকে অভিনন্দন জানিয়েছেন। বিশ্বকাপের বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের পরিচয় তুলে ধরায় প্রশংসা করছেন।
এদিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও পারফরম্যান্সের একটি ভিডিও প্রকাশ করেছেন সঞ্জয়। সেখানে তিনি লিখেছেন, আমার মানুষ, সুন্দর কিছুর এটি কেবল শুরু।
সঞ্জয়ের জন্ম বাংলাদেশে, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। তবে চট্টগ্রামে কাটিয়েছেন শৈশবের বড় একটি অংশ। তবে এরপর পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। সেখানেই সংগীত নিয়ে কাজ শুরু করেন তিনি।
বর্তমানে লস অ্যাঞ্জেলেসভিত্তিক এই শিল্পী বাংলা সংগীতের উপাদানকে ইলেকট্রনিক সাউন্ডের সাথে মিশিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন। যা বিশ্বজুড়ে তাকে আলাদা করে তুলেছে।
বলিউডের শ্রেয়া ঘোষালের মতো শিল্পীর সাথেও কাজ করেছেন সঞ্জয়। গ্লোবাল প্ল্যাটফর্মে বিচরণ থাকলেও নিজের শেকড়ের প্রতি তার টান প্রবল। এমনকি বিপিএল-২০২৫ এর থিম সং-এও নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন তিনি।



