রিয়াল মাদ্রিদ অধ্যায় শেষ হয়ে যেতে পারে ভিনিসিয়াস জুনিয়রের। ক্লাবটিতে তার ভবিষ্যৎ নিয়ে নতুন করে শুরু হয়েছে জোর আলোচনা। যে আলোচনায় ঘি ঢেলেছেন ভিনিসিয়াস নিজেই।
মূলত সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম থেকে স্প্যানিশ ক্লাবটির সাথে সংশ্লিষ্ট প্রায় সব তথ্য ও পরিচয় সরিয়ে দিয়েছেন ভিনিসিয়াস। এরপরই ভিনির ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরো তীব্র হয়েছে।
বিষয়টি নজরে আসতেই সমর্থকদের মাঝে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই মনে করছেন, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনায় জটিলতা তৈরি হয়েছে, আবার কেউ কেউ সম্ভাব্য দলবদলের ইঙ্গিতও দেখছেন।
যদিও এ বিষয়ে এখন পর্যন্ত ভিনিসিয়াস কিংবা রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়া হয়নি। ফলে বিষয়টি নিয়ে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।
এর আগে, একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছিল, ভিনিসিয়াসের চুক্তির মেয়াদ বাড়াতে আলোচনা চালিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। তবে বেতন ও চুক্তির কিছু শর্ত নিয়ে দুই পক্ষের মাঝে এখনো পুরোপুরি সমঝোতা হয়নি।
সবকিছু মিলিয়ে ইনস্টাগ্রাম প্রোফাইলে এই পরিবর্তন ভিনিসিয়াসের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। তবে ক্লাব বা খেলোয়াড়ের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি জল্পনার পর্যায়েই থাকছে।



