লিওনেল মেসির আন্তর্জাতিক শিরোপা জয়ের আক্ষেপ ঘুঁচেছে ২০২২ সালের কাতার বিশ্বকাপে। ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বানিয়েছেন বিশ্বসেরা। এরপর ২০২৬ বিশ্বকাপে টানা দ্বিতীয়বার জয়ের স্বপ্ন ভেঙে গেছে ফাইনালের মঞ্চেই। স্পেনের কাছে ১-০ গোলে হারের হতাশা এখনো তাড়া করে ফিরছে লিওনেল মেসিকে। তবে এই দুঃসময়েও পুরো বিশ্বকাপজুড়ে দলের লড়াই, অর্জন আর সমর্থকদের ভালোবাসাকেই মনে ধরে রাখতে চান আর্জেন্টিনা অধিনায়ক।
রোববার নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেনি আর্জেন্টিনা। ম্যাচ শেষে গ্যালারির সামনে দাঁড়িয়ে আবেগ ধরে রাখতে পারেননি মেসি। তার কান্নার সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
এর এক দিন পর নিজের ইনস্টাগ্রাম পোস্টে হৃদয়ছোঁয়া এক বার্তা দেন আর্জেন্টাইন মহাতারকা। মেসি লিখেন, কষ্টটা সীমাহীন এবং এই ক্ষত সারতে সময় লাগবে। কিন্তু আমি সব ভালো দিকগুলোও মনে রাখতে চাই।
তিনি বলেন, ‘যেসব ম্যাচে আমরা নিজেদের সর্বস্ব দিয়ে ঘুরে দাঁড়িয়েছি, সেসব মুহূর্ত চিরকাল আমাদের স্মৃতিতে থাকবে। পুরো দেশের সমর্থন, এই দলের পরিশ্রম ও আত্মত্যাগ আমাদের আবারো বিশ্বের সেরাদের কাতারে নিয়ে গেছে।’
তিনি আরো বলেন, এই মুহূর্তে আমরা কী অর্জন করেছি, সেটি পুরোপুরি উপলব্ধি করা কঠিন। এই দল টানা দু’টি বিশ্বকাপের ফাইনালে খেলেছে, এটিও বড় একটি অর্জন।’
সমর্থকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। ‘শুভেচ্ছা ও ভালোবাসার জন্য হৃদয়ের গভীর থেকে সবাইকে ধন্যবাদ। আবারো আমরা একটি দেশ হিসেবে ঐক্যবদ্ধ হতে পেরেছি, আর্জেন্টাইন হওয়ার গর্ব একসাথে অনুভব করেছি।’
হারের কষ্ট থাকলেও নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানাতে ভোলেননি মেসি। তিনি লিখেছেন, ‘বিশ্বকাপ জয়ের জন্য স্পেনকে অভিনন্দন।’
যদিও শিরোপা হাতছাড়া হয়েছে, ব্যক্তিগতভাবে দুর্দান্ত একটি বিশ্বকাপ কাটিয়েছেন ৩৯ বছর বয়সী এই তারকা। আসরে তিনি করেছেন ৮ গোল, সাথে ৪টি অ্যাসিস্ট। বিশ্বকাপ ইতিহাসে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ২১-এ, যা দ্বিতীয় সর্বোচ্চ। ছিলেন গোল্ডেন বলের দৌড়েও।



