রিয়াল মাদ্রিদের সাথে ভিনিসিয়াস জুনিয়রের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠছে। নতুন চুক্তি নিয়ে এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ। এই পরিস্থিতির সুযোগ নিতে আগ্রহী ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আর্সেনাল।
দ্য অ্যাথলেটিক-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মৌসুমে আক্রমণভাগ আরো শক্তিশালী করতে ভিনিসিয়াসকে অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনা করছে আর্সেনাল। যদিও এখনো আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি।
ভিনিসিয়াসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র এক বছর বাকি। নতুন চুক্তি নিয়ে একাধিক দফা আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমাধান হয়নি। ফলে সময় যত গড়াচ্ছে, রিয়ালের উদ্বেগও তত বাড়ছে। আর পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে গানাররা।
চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ভিনিসিয়াস ফ্রি এজেন্ট হয়ে গেলে কোনো ট্রান্সফার ফি ছাড়াই তাকে হারানোর ঝুঁকিতে পড়বে রিয়াল। তাই পরিস্থিতি জটিল হলে স্প্যানিশ জায়ান্টদের তাকে বিক্রির সিদ্ধান্তও বিবেচনায় নিতে হতে পারে।
তবে ক্লাবের অবস্থান স্পষ্ট—তারা ভিনিসিয়াসকে ধরে রাখতে চায় ও নতুন চুক্তির জন্য আলোচনা চালিয়ে যেতে আগ্রহী। গত মৌসুমেও ব্যক্তিগতভাবে দুর্দান্ত ছিলেন এই উইঙ্গার।
তবে ভিনি ২২ গোল করলেও দলগতভাবে হতাশার মৌসুম কাটিয়েছে রিয়াল মাদ্রিদ। টানা দ্বিতীয় মৌসুমের মতো বড় কোনো শিরোপা জিততে পারেনি তারা, এমনকি লা লিগার মুকুটও চলে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার হাতে।
সাম্প্রতিক বিশ্বকাপে ব্রাজিলের হয়ে দারুণ পারফর্ম করেছেন ভিনিসিয়াস। তবে, পাঁচ ম্যাচে চার গোল করলেও তার নৈপুণ্য ব্রাজিলকে শেষ ষোলোর বাধা পেরোতে সাহায্য করতে পারেনি। নরওয়ের কাছে হেরে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
২০১৮ সালে ফ্ল্যামেঙ্গো থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর শুরুতে সমালোচনার মুখে পড়লেও ধীরে ধীরে নিজেকে বিশ্বের অন্যতম সেরা উইঙ্গারে পরিণত করেছেন ভিনিসিয়াস। রিয়ালের হয়ে এখন পর্যন্ত ৩৭৫ ম্যাচে ১২৮ গোলের পাশাপাশি ১০০টি অ্যাসিস্ট করেছেন তিনি।
তার অবদানেই লা লিগা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ একাধিক দেশীয় ও ইউরোপীয় শিরোপা জিতেছে লস ব্লাঙ্কোসরা।



