জেঙ্গার ৩৬ বছরের রেকর্ড ভাঙলেন সিমোন

সিমোনের রেকর্ডের ম্যাচে প্রথম স্প্যানিশ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের একই আসরের দুটি ভিন্ন ম্যাচে দুটি বা তার বেশি গোল করেছেন মিকেল ওয়ারজাবাল।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

ফুটবল বিশ্বকাপে ৫১৯ মিনিট গোল হজম না করে ইতালির কিংবদন্তি গোলরক্ষক ওয়াল্টার জেঙ্গার ৩৬ বছরের রেকর্ড ভাঙলেন স্পেনের উনাই সিমোন।

শুক্রবার বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারায় স্পেন। এর আগে চলতি আসরে গ্রুপ পর্বে কেপ ভার্দের সাথে গোলশূন্য ড্র, সৌদি আরবের বিপক্ষে ৪-০ গোলে জয় ও উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলে জয় পায় স্পেন।

তবে সিমোনের গোল হজম না করার ধারা ২০২২ বিশ্বকাপ থেকে শুরু হয়েছিল। গত আসরে জাপানের কাছে ২-১ ব্যবধানে স্পেনের হারের পর থেকে কোনো ম্যাচেই গোল হজম করেননি সিমোন। আগের বিশ্বকাপ পর্যন্ত সময় ছিল ১৫৯ মিনিট। এবারের বিশ্বকাপে গোল হজম না করার পথটা দীর্ঘ করে নতুন রেকর্ডের জন্ম দিয়েছেন সিমোন।

এর আগের রেকর্ডটি ছিল জেঙ্গার। ৫১৭ মিনিট কোনো গোল হজম করেননি তিনি।

সিমোনের রেকর্ডের ম্যাচে প্রথম স্প্যানিশ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের একই আসরের দুটি ভিন্ন ম্যাচে দুটি বা তার বেশি গোল করেছেন মিকেল ওয়ারজাবাল।

বিশ্বকাপে ৬৮ বছরের ইতিহাসে নকআউট ম্যাচ শুরু করা প্রথম টিনএজার জুটি হিসেবে রেকর্ড গড়লেন পাউ কুবার্সি ও ইয়ামাল। সর্বশেষ ১৯৫৮ সালের কোয়ার্টার-ফাইনালে ওয়েলসের বিপক্ষে টিনএজার জুটি হিসেবে নক আউটে ম্যাচের শুরু থেকে খেলেছিলেন ব্রাজিলের পেলে ও আলতাফিনি।

বড় টুর্নামেন্টগুলোতে শুরুর একাদশে ইয়ামাল থাকা অবস্থায় এ নিয়ে আটটি ম্যাচ জিতেছে স্পেন। বিশ্বকাপ বা ইউরোর ইতিহাসে কোনো ইউরোপীয় খেলোয়াড়ের শুরুর একাদশে থাকা অবস্থায় এটি শতভাগ জয়ের রেকর্ড।