নেদারল্যান্ডসের বিশ্বকাপ দলে জায়গা পেলেন ডিপে, বাদ পড়েছেন ফ্রিমপং

অধিনায়ক ভার্জিল ফন ডিকসহ কোম্যানের ২৬ সদস্যের দলে ১৫ জনই প্রিমিয়ার লিগের খেলোয়াড়।

নয়া দিগন্ত অনলাইন
করিন্থিয়ান্স ফরোয়ার্ড মেমফিস ডিপে, (ডানে) লিভারপুল উইং-ব্যাক জেরেমি ফ্রিমপং
করিন্থিয়ান্স ফরোয়ার্ড মেমফিস ডিপে, (ডানে) লিভারপুল উইং-ব্যাক জেরেমি ফ্রিমপং |সংগৃহীত

করিন্থিয়ান্স ফরোয়ার্ড মেমফিস ডিপেকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করেছেন নেদারল্যান্ডসের কোচ রোনাল্ড কোম্যান। তবে এবারের বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন লিভারপুল উইং-ব্যাক জেরেমি ফ্রিমপং।

৫৫টি আন্তর্জাতিক গোল করে নেদারল্যান্ডসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন ডিপে। ইনজুরির কারণে দীর্ঘ দুই মাস মাঠের বাইরে থাকায় সম্প্রতি তার ম্যাচে ফেরা নিয়ে শঙ্কা ছিল। কিন্তু তারপরও কোম্যান তাকে বিশ্বকাপ দলে বিবেচনা করেছেন।

গত সপ্তাহে ব্রাজিলিয়ান সিরি-এ লিগে ফিরে ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড মাত্র ৩৪ মিনিট মাঠে ছিলেন। এই সিজনে ১৩ ম্যাচে মাত্র এক গোল করেছেন ডিপে।

ডিপে সম্পর্কে কোম্যান বলেন, ‘শারিরীকভাবে ফিট হলে তার মানের একজন খেলোয়াড়কে আমি বাদ দিতে পারি না।’

এদিকে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ মৌসুমের প্রথম ভাগ মোটেই ভাল কাটেনি ফ্রিমপংয়ের। যে কারণে তিনি বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন।

ইনজুরির কারণে আরো বাদ পড়েছেন টটেনহ্যামের ফরোয়ার্ড জাভি সিমন্স, ম্যানচেস্টার ইউনাইটেডের সেন্টার-ব্যাক মাথিস ডি লিট ও ইন্টার মিলানের ডিফেন্ডার স্টিফান ডি ভ্রিজ।

অধিনায়ক ভার্জিল ফন ডিকসহ কোম্যানের ২৬ সদস্যের দলে ১৫ জনই প্রিমিয়ার লিগের খেলোয়াড়। স্কোয়াডে ফন ডিক ছাড়াও লিভারপুলের কোডি গাকপো ও রায়ান গ্রাভেনবাখ রয়েছেন। ব্রাইটনেরও তিনজন খেলোয়াড় এবারের স্কোয়াডে জায়গা পেয়েছেন।

গ্রুপ এফ-এ নেদারল্যান্ডসের প্রতিপক্ষ জাপান, সুইডেন ও তিউনিশিয়া।

নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড :

গোলরক্ষক : মার্ক ফ্লেকেন, রবিন রোফেস, বার্ট ভারব্রাগেন

ডিফেন্ডার : ন্যাথাস অ্যাকে, ভার্জিল ফন ডিক, ডেনজেল ডামফ্রাইস, ইয়ান পল ফন হিক, জুরিয়েন টিম্বার, জোরেল হাতো, মিকি ফন ডি ভেন

মিডফিল্ডার : রায়ান গ্রাভেনবাখ, ফ্রেংকি ডি জং, জাস্টিন ক্লুইভার্ট, টেয়ান কুপমেইনার্স, টিয়ানি রেইনডার্স, মার্টিন ডি রুন, গাস টিল, কুইনটেন টিম্বার, ম্যাটস উইফার

ফরোয়ার্ড : ব্রায়ান ব্রবি, মেমফিস ডিপে, কোডি গাকপো, নোয়া ল্যাং, ডোনিয়েল মালেন, ক্রিসেনসিও সামারভিলে, ওট ওয়েগর্স্ট।

সূত্র : বাসস