ট্রাম্পকে এড়িয়ে গেলেন রোমেরো! ভাইরাল ভিডিও ঘিরে শুরু বিতর্ক

ভিডিওতে দেখা যায়, তিনি প্রথমে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছ থেকে পদক গ্রহণ করেন। এরপর ডোনাল্ড ট্রাম্পের সামনে দিয়ে এগিয়ে যান, কিন্তু তার সাথে করমর্দন করেননি। তবে পরে ঠিকই মঞ্চে থাকা কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমকে শুভেচ্ছা জানান। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ব্যাখ্যা সামনে এসেছে।

নয়া দিগন্ত অনলাইন
ডোনাল্ড ট্রাম্পের সামনে দিয়ে এগিয়ে যান, কিন্তু তার সাথে করমর্দন করেননি ক্রিস্টিয়ান রোমেরো
ডোনাল্ড ট্রাম্পের সামনে দিয়ে এগিয়ে যান, কিন্তু তার সাথে করমর্দন করেননি ক্রিস্টিয়ান রোমেরো |ইন্টারনেট

বিশ্বকাপ ফাইনালের শিরোপা হারানোর হতাশার মাঝেই আলোচনার জন্ম দিলেন আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। ফাইনালের পর পদক বিতরণী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এড়িয়ে গেছেন তিনি।

মুহূর্তটির ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। তবে ঘটনাটি ইচ্ছাকৃত ছিল নাকি কেবলই একটি ভুল বোঝাবুঝি- সেটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

নিউইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রানার্সআপ দলের সদস্য হিসেবে পদক নিতে মঞ্চে ওঠেন রোমেরো। ভিডিওতে দেখা যায়, তিনি প্রথমে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছ থেকে পদক গ্রহণ করেন।

এরপর ডোনাল্ড ট্রাম্পের সামনে দিয়ে এগিয়ে যান, কিন্তু তার সাথে করমর্দন করেননি। তবে পরে ঠিকই মঞ্চে থাকা কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমকে শুভেচ্ছা জানান।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ব্যাখ্যা সামনে এসেছে। এক পক্ষের দাবি, রোমেরো ইচ্ছাকৃতভাবেই ট্রাম্পকে উপেক্ষা করেছেন। অন্যদিকে অনেকের মতে, এটি ছিল মুহূর্তের বিভ্রান্তি বা অনিচ্ছাকৃত ঘটনা।

ট্রাম্পও তখন পদক বিতরণে ব্যস্ত ছিলেন এবং বিষয়টি খেয়াল করেছেন বলে মনে হয়নি। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত রোমেরো বা আর্জেন্টিনা ফুটবল এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

অবশ্য শুধু এই ঘটনাই নয়, পুরস্কার বিতরণী মঞ্চে আরো এক কাণ্ডে আলোচনায় উঠে এসেছেন ট্রাম্প। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সাথে মিলে স্পেন অধিনায়ক রদ্রির হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দিতে গিয়ে ট্রাম্প দাঁড়িয়ে যান।

অর্থাৎ ট্রফি হস্তান্তরের পরও তিনি মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে থাকেন। ফলে স্পেনের শিরোপা উদযাপনের ঐতিহাসিক মুহূর্ত এবং ট্রফি উঁচিয়ে ধরার ছবিতেও ট্রাম্প ফ্রেমবন্দী হন। তাকে বারবার বলেও সরাতে পারেননি ইনফান্তিনো।

ট্রাম্পের এই ভূমিকা সবাই ভালোভাবে নেননি। মেটলাইফ স্টেডিয়ামের গ্যালারির একাংশ থেকে তাকে ঘিরে দুয়োধ্বনি শোনা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।