বিশ্বকাপ নিশ্চিত করল ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। জ্যামাইকাকে হারিয়ে পাঁচ দশকেরও বেশি সময় বিশ্বকাপের মূল মঞ্চে ফিরল মধ্য আফ্রিকার দেশটি।
৫২ বছর পর গ্রেটেস্ট শো অন আর্থের টিকিট কেটেছে ডিআর কঙ্গো। বাংলাদেশ সময় বুধবার ভোরে মেক্সিকোর গুয়াদালাহারায় আন্তঃমহাদেশীয় প্লে-অফ ফাইনালে জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়েছে তারা।
নির্ধারিত ৯০ মিনিটে গোল আদায় করতে পারেনি কোনো দল। ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে। যেখানে ১০০তম মিনিটে ব্যবধান গড়ে দেয়া একমাত্র গোলটি করেন এক্সেল টোয়ানজেবি।
শেষ পর্যন্ত সেই গোলের লিড ধরে রেখেই বিশ্বকাপ নিশ্চিত করে ডিআর কঙ্গো। আর আরো একবার বিশ্বমঞ্চে খেলতে না পারার হতাশা নিয়ে ফেরে জ্যামাইকা।
এবার দিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপের মূল মঞ্চে দেখা যাবে ডিআর কঙ্গোকে। প্রথমবার তারা বিশ্বকাপে খেলেছিল ১৯৭৪ আসরে, সেই সময় অবশ্য দেশটির নাম ছিল জাইরে।
বিশ্বকাপে কঙ্গো আছে কঠিন গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ ইউরোপের পর্তুগাল, দক্ষিণ আমেরিকার কলম্বিয়া ও এশিয়ার দেশ উজবেকিস্তান।



