ব্রাজিল ম্যাচের আগে দলে ২ পরিবর্তন মরক্কোর

উরুর অস্ত্রোপচারের কারণে মার্চের পর থেকে আর মাঠে নামতে পারেননি মার্সেইর সেন্টার-ব্যাক নায়েফ অগার্ড। তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি মরক্কো।

নয়া দিগন্ত অনলাইন
মরক্কো ফুটবল দল
মরক্কো ফুটবল দল |সংগৃহীত

বিশ্বকাপের প্রথম ম্যাচে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেয়েছে মরক্কো। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এজন্য নিজেদের প্রথম ম্যাচেই দলে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামবে মরক্কো।

নরওয়ের বিরুদ্ধে প্রীতি ম্যাচে হাঁটুর ইনজুরিতে পড়েন রিয়াল বেটিসের ফরোয়ার্ড আবদে এজালজুলি। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন এ্যাঙ্গার্সের আমিনে সাবাই।

অন্যদিকে উরুর অস্ত্রোপচারের কারণে মার্চের পর থেকে আর মাঠে নামতে পারেননি মার্সেইর সেন্টার-ব্যাক নায়েফ অগার্ড। তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি মরক্কো। যে কারণে টুর্নামেন্টের আগেই অগার্ডের পরিবর্তে দলে নেয়া হয়েছে মারওয়ানে সাদানেকে।

তবে, এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি মরক্কোর টিম ম্যানেজমেন্ট। কিন্তু অধিনায়ক আশরাফ হাকিমি ইনজুরি আক্রান্ত দুই সতীর্থের প্রতি সমবেদনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন।

পিএসজি তারকা হাকিমি পোস্টে লিখেছেন, ‘ফুটবল অনেক সময় নিষ্ঠুর হতে পারে। প্রথম দিন থেকে তুমি দলকে যা দিয়েছো তার জন্য ধন্যবাদ। আমরা সবাই তোমাদের জন্য লড়াই করব। আমরা তোমাদের ভালোবাসি।’

উল্লেখ্য, রোববার (১৪ জুন) ভোররাত ৪টায় গ্রুপ-সি’র প্রথম ম্যাচে নিউ জার্সিতে হেক্সা মিশনে নামা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে মরক্কো।