ফিল ফোডেন, ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড ও কোল পালমারকে ছাড়াই আসন্ন ফিফা বিশ্বকাপের জন্য আজ ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। এমনকি ইংল্যান্ডের বিশ্বকাপ দলে জায়গা হয়নি হ্যারি ম্যাগুয়ার, লুক শ, অ্যাডাম হোয়ার্টন, মর্গান গিবস-হোয়াইটেরও।
দল সাজাতে অভিজ্ঞদের বাদ দেয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানান ইংল্যান্ড কোচ থমাস টুখেল। তিনি বলেন, ‘গত তিন দিনে অনেক ফোনকল করতে হয়েছে। অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। কঠিন সিদ্ধান্ত নিতে আমি পছন্দ করি। তবে এখন স্বস্তি লাগছে, আবার রোমাঞ্চও কাজ করছে। দলের সাথে বিমানে ওঠার তর সইছে না।’
এবারের মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে ফোডেন এবং চেলসির হয়ে পালমার প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। রিয়াল মাদ্রিদের হয়ে খেলা আলেক্সান্ডার-আর্নল্ড নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি।
তবে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন ওলি ওয়াটকিনস ও ইভান টনির। আন্তর্জাতিক বিরতির পর অ্যাস্টন ভিলার হয়ে ১০ গোল করেছেন ওয়াটকিনস।
ইনজুরি থাকা সত্ত্বেও দলে জায়গা পেয়েছেন টিনো লিভরামেন্টো ও ডিজেড স্পেন্স। উরুর চোটে গত এক মাস মাঠের বাইরে ছিলেন লিভরামেন্টো এবং চোয়ালের ইনজুরি থেকে এখনও সুস্থ হতে পারেননি স্পেন্স।
বিশ্বকাপে ‘এল’ গ্রুপে খেলবে ইংল্যান্ড। ১৭ জুন ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে ইংলিশদের। এরপর ২৩ জুন গানা এবং ২৭ জুন পানামার মুখোমুখি হবে তারা।
ইংল্যান্ডের বিশ্বকাপ দল
গোলরক্ষক : জর্ডান পিকফোর্ড, ডিন হেন্ডারসন, জেমস ট্রাফোর্ড
ডিফেন্ডার : রিস জেমস, এজরি কোনসা, জারেল কোয়ানসাহ, জন স্টোনস, মার্ক গেহি, ড্যান বার্ন, নিকো ও’রেইলি, ডিজেড স্পেন্স, টিনো লিভরামেন্টো
মিডফিল্ডার : ডেকলান রাইস, এলিয়ট অ্যান্ডারসন, কোবি মাইনু, জর্ডান হেন্ডারসন, মরগান রজার্স, জুড বেলিংহ্যাম, এবেরেচি এজে
ফরোয়ার্ড : হ্যারি কেইন, ইভান টনি, অলি ওয়াটকিন্স, বুকায়ো সাকা, মার্কাস রাশফোর্ড, অ্যান্থনি গর্ডন ও ননি মাদুয়েকে।



