নতুন মেয়াদে আবারো রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হলেন হোসে মরিনহো। প্রায় ১৩ বছর পর ক্লাবটিতে ফিরে ৩ বছরের চুক্তি করেছেন অভিজ্ঞ পর্তুগিজ কোচ।
শুক্রবার (২৯ মে) রাতে বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে। বিবিসি জানিয়েছে, এখনই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে না রিয়াল মাদ্রিদ।
আগামী ৭ জুন রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্সিয়াল নির্বাচন হওয়ার কথা রয়েছে। এরপর মরিনহোকে নতুন কোচ হিসেবে আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেয়া হবে।
এর আগে ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত সময়ে রিয়ালের ডাগআউটে ছিলেন স্পেশাল ওয়ানখ্যাত এই কোচ। সেবার তার কোচিংয়ে স্প্যানিশ লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার জিতেছিল রিয়াল।
গত জানুয়ারিতে জাভি আলোন্সো চাকরি হারানোর পর রিয়ালের ভারপ্রাপ্ত দায়িত্ব নিয়েছিলেন আলভারো আরবেলোয়া। এবার পূর্ণকালীন মেয়াদে কোচ নিয়োগ দিলো জায়ান্ট ক্লাবটি।
গত বছরের সেপ্টেম্বরে দুই বছরের চুক্তিতে বেনফিকায় ফিরে গিয়েছিলেন মরিনহো। সেটির এক বছরও পূর্ণ হওয়ার আগেই স্পেনে চলে আসবেন তিনি।
২০১৩ সালে রিয়ালের দায়িত্ব ছাড়ার পর চেলসিতে ফিরেছিলেন মরিনহো। তার কোচিংয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ ও ইএফএল কাপ জিতেছিল লন্ডনের ক্লাবটি।
এরপর ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিয়ে ইউরোপা লিগ, ইএফএল কাপ ও কমিউনিটি শিল্ড ট্রফি ঘরে তোলেন মরিনহো। পরে টটেনহ্যাম, রোমা, ফেনারব্যাচ ও বেনফিকার ডাগআউটে দাঁড়ান তিনি।



