ইতালিয়ান ফুটবলে দীর্ঘদিনের অস্থিরতার অবসান ঘটাতে পুরোনো পথেই হাঁটছে দেশটির ফুটবল ফেডারেশন। নাটকীয় সব ঘটনার পর দ্বিতীয় মেয়াদে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন রবার্তো মানচিনি।
জেন্নারো গাত্তুসোর বিদায়ের পর নতুন কোচ খুঁজতে গিয়ে একের পর এক ব্যর্থতার মুখে পড়ে ইতালিয়ান ফুটবল। আন্দ্রে পিরলোকে নিয়োগ দেয়ার পরিকল্পনাও শেষ মুহূর্তে ভেস্তে যায়। একটি বেটিং প্রতিষ্ঠানের সাথে পিরলোর সম্পৃক্ততা নিয়ে বিতর্ক তৈরি হলে সেই নিয়োগ আটকে দেন সভাপতি জিওভান্নি মালাগো।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সদ্য নিয়োগ পাওয়া টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি এবং উপদেষ্টা লিওনার্দো দায়িত্ব ছাড়েন। এতে ইতালিয়ান ফুটবলের প্রশাসনিক সঙ্কট আরো গভীর হয়।
এর আগে ম্যানচেস্টার সিটি ছাড়ার পর পেপ গার্দিওলাকেও কোচ করার চেষ্টা করেছিল এফআইজিসি। তবে বছরে ১৭ মিলিয়ন পাউন্ড বেতনের দাবি পূরণ করতে না পারায় সেই আলোচনা সফল হয়নি।
সবশেষে সদ্যই কাতারের ক্লাব আল-সাদ এর দায়িত্ব ছাড়া রবার্তো মানচিনির দারস্থ হয়েছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, জাতীয় দলের দায়িত্ব নিতে প্রস্তুত রয়েছেন ৬১ বছর বয়সী এই কোচ।
সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়েই দ্বিতীয় মেয়াদ শুরু করবেন মানচিনি। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ব্যর্থতার ধাক্কা সামলে দলকে নতুন করে গড়ে তোলা ও প্রশাসনিক অস্থিরতার মাঝে স্থিতিশীলতা ফিরিয়ে আনাই হবে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
উল্লেখ্য, ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ইতালির প্রধান কোচ ছিলেন মানচিনি। তার অধীনেই ২০২১ সালে (ইউরো ২০২০) ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হয়েছিল আজ্জুরিরা।



