২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালকে ঘিরে উত্তেজনা যখন তুঙ্গে, তখনই আর্জেন্টিনাকে খোঁচা দিয়ে আলোচনায় এসেছেন স্পেনের কিংবদন্তি গোলরক্ষক ও ২০১০ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইকার ক্যাসিয়াস।
তার বিশ্বাস, এবার আর্জেন্টিনার জার্সিতে চতুর্থ বিশ্বকাপজয়ী তারকা যুক্ত হবে না; বরং শিরোপা জিতে নিজেদের দ্বিতীয় তারকা যোগ করবে স্পেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে ক্যাসিয়াস লিখেছেন, ‘তোমরা এবার চতুর্থ তারকাটি পাচ্ছো না। চতুর্থ তারকার কোনো সুযোগ নেই। এবার আমাদের দ্বিতীয় তারকা জয়ের পালা। এগিয়ে যাও স্পেন।’
শুধু ভবিষ্যদ্বাণীই নয়, আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডের সেমিফাইনাল কৌশল নিয়েও তীব্র সমালোচনা করেছেন সাবেক এই গোলরক্ষক।
বুধবার দ্বিতীয় সেমিফাইনালে ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। তবে গোলের পর টমাস টুখেলের দল আক্রমণাত্মক ফুটবল ছেড়ে প্রায় পুরোপুরি রক্ষণে মনোযোগ দেয়। সেই সিদ্ধান্তকেই ম্যাচের টার্নিং পয়েন্ট মনে করছেন ক্যাসিয়াস।
তিনি বলেন, ‘গোল করার পরই তারা পুরো দল নিয়ে নিচে নেমে যায়। একেবারে কাপুরুষোচিত কৌশল! নিজেদের ডি-বক্সের বাইরে প্রায় বেরই হয়নি তারা। ফলে আর্জেন্টিনা বারবার আক্রমণের সুযোগ পেয়েছে। এমন পরিস্থিতিতে ম্যাচের ফল অন্যরকম হওয়ার সুযোগ খুব কম ছিল।’
ম্যাচ শেষে দেয়া আরেক পোস্টে ইংল্যান্ডের সমালোচনা আরো জোরালো করেন স্পেনের কিংবদন্তি। তার মতে, শেষ ৩০ মিনিটে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ স্বেচ্ছায় আর্জেন্টিনার হাতে তুলে দিয়েছিল ইংলিশরা।
ক্যাসিয়াসের কথার সত্যতাও যেন মিলেছে ম্যাচের শেষ দিকে। ৮৫ মিনিটে এনজো ফার্নান্দেজ সমতা ফেরান, এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লাউতারো মার্তিনেজের জয়সূচক গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।
সেই জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠে লিওনেল স্কালোনির দল। এবার শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও বর্তমান বিশ্ব ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
রোববার বাংলাদেশ সময় রাত ১টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে শেষ লড়াই। জিতলে আর্জেন্টিনা ইতিহাসে চতুর্থবারের মতো বিশ্বকাপ জিতবে এবং টানা দ্বিতীয়বার শিরোপা ধরে রাখবে।
অন্যদিকে স্পেনের লক্ষ্য ২০১০ সালের পর দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি ঘরে তোলা। দুই দলের মাঠের লড়াই শুরুর আগেই অবশ্য কথার লড়াইয়ে উত্তাপ ছড়িয়ে দিলেন ইকার ক্যাসিয়াস।



