২০২৬ বিশ্বকাপে ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি শুরু করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে এর মাঝেই সমর্থকদের আরো কাছাকাছি পৌঁছাতে বড় উদ্যোগ নিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
অস্ট্রেলিয়ায় দু’টি প্রীতি ম্যাচের পাশাপাশি ভারতের কলকাতায় আরো একটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা এখন চূড়ান্ত পর্যায়ে। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ সীমান্তের খুব কাছেই মাঠে নামবে সেলেসাওরা।
ইএসপিএনের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর থেকে অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ‘ফিফা সুপার ডেট’-এ তিনটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এর মধ্যে ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দু’টি ম্যাচের সূচি ইতোমধ্যেই নির্ধারিত হয়েছে।
এরপর অক্টোবরের শুরুতে কলকাতায় আরো একটি প্রীতি ম্যাচ আয়োজনের বিষয়ে আয়োজকদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে সিবিএফ। ম্যাচটি কলকাতায় হওয়ার সম্ভাবনা থাকলেও প্রতিপক্ষ দল এখনো চূড়ান্ত হয়নি।
বিশ্বকাপ চলাকালে ভারত ও আশপাশের অঞ্চলে ব্রাজিলের বিপুলসংখ্যক সমর্থকের উপস্থিতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলের জার্সি পরা হাজারো ভক্তের ছবি সিবিএফকে এই উদ্যোগ নিতে অনুপ্রাণিত করেছে। জানা গেছে, চুক্তির কেবল শেষ কয়েকটি আনুষ্ঠানিকতা বাকি রয়েছে।
নতুন চালু হওয়া ‘ফিফা সুপার ডেট’ ক্যালেন্ডারের অংশ হিসেবে ১৬ দিনব্যাপী এই আন্তর্জাতিক উইন্ডোতে প্রতিটি জাতীয় দল সর্বোচ্চ চারটি ম্যাচ—অফিশিয়াল বা প্রীতি—খেলার সুযোগ পাবে।
এদিকে সিবিএফ আরো জানিয়েছে, ২০২৭ সাল থেকে ব্রাজিলের বিভিন্ন শহরেও নিয়মিত প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে যেসব অঞ্চলে জাতীয় দলের ম্যাচ খুব কম হয়, সেসব এলাকায় সেলেসাওদের নিয়ে যাওয়াই তাদের অন্যতম লক্ষ্য।



