কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনার জন্য সুসংবাদ

আগামী ৪ জুলাই ভোর ৪টায় শেষ ৩২’এর ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

নয়া দিগন্ত অনলাইন
সতীর্থদের সাথে ক্রিস্টিয়ান রোমেরো
সতীর্থদের সাথে ক্রিস্টিয়ান রোমেরো |সংগৃহীত

হাঁটুর ইনজুরি কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। ইতোমধ্যে জাতীয় দলের সাথে অনুশীলন করেছেন তিনি।

আগামী শনিবার কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অব ৩২-এর ম্যাচে মাঠে নামার জন্য প্রস্তুত আছেন রোমেরো। এই তথ্য নিশ্চিত করেছে ইএসপিএন।

বুধবার কানসাস সিটিতে আর্জেন্টিনার অনুশীলন সেশনে ঘাম ঝরিয়েছেন রোমেরো।

গত ২২ জুন গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচে হাঁটুতে চোট পান রোমেরো। স্ক্যান করার পর আর্জেন্টিনার মেডিক্যাল দল জানায় চোট গুরুতর নয়। হাঁটুতে ফোলা ভাব থাকলেও সেটি বড় কোনো সমস্যা নয়।

সর্তকতার জন্য জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোমেরোকে নিয়ে কোনো ঝুঁকি নেয়নি আর্জেন্টিনা। ৩-১ গোলে জয়ের ম্যাচে বিশ্রামে ছিলেন রোমেরো।

কেপ ভার্দের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে গতকাল রাতে সন্ধ্যায় মায়ামির ফোর্ট লডারডেলে এসে পৌঁছায় লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। আজ ইন্টার মায়ামির ট্রেনিং সেন্টারে অনুশীলন করবে বর্তমান চ্যাম্পিয়নরা।

গ্রুপ ‘জে’-তে তিন ম্যাচের সবগুলোতে জিতে শেষ ৩২’এ নাম লেখায় আর্জেন্টিনা। অস্ট্রিয়া-আলজেরিয়া ও জর্ডানের বিপক্ষে করা মোট আটটি গোলের মধ্যে ছয়টিই করেছেন মেসি।

আগামী ৪ জুলাই ভোর ৪টায় শেষ ৩২’এর ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা।