চেলসির জার্সিতে অভিষেকটা জয় দিয়ে রাঙিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। অভিষেক ম্যাচেই জায়গা করে নিয়েছেন ক্লাবটির ইতিহাসের রেকর্ডবুকেও।
৩৩ বছর ৩৬২ দিন বয়সে চেলসির হয়ে প্রিমিয়ার লিগে অভিষেক হয়েছে মার্তিনেজের। চেলসির ইতিহাসে এত বেশি বয়সে প্রিমিয়ার লিগে অভিষেক করা গোলরক্ষকদের তালিকায় তিনি চতুর্থ।
তার সামনে আছেন মাত্র তিনজন। তালিকার শীর্ষে মার্ক শোয়ারজার। ২০১৪ সালের এপ্রিলে ৪১ বছর ১৯৫ দিন বয়সে চেলসির জার্সিতে প্রিমিয়ার লিগে প্রথম মাঠে নেমেছিলেন অস্ট্রেলিয়ার এই গোলরক্ষক।
দ্বিতীয় স্থানে আছেন জেরি পেটন। ১৯৯৩ সালের জানুয়ারিতে ৩৬ বছর ২৫৫ দিন বয়সে চেলসির হয়ে প্রিমিয়ার লিগে অভিষেক হয়েছিল তার।
তৃতীয় স্থানে থাকা আরেক আর্জেন্টাইন গোলরক্ষক উইলি কাবায়েরো ২০১৮ সালের জানুয়ারিতে ৩৬ বছর ১১৪ দিন বয়সে চেলসির হয়ে প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচ খেলেছিলেন।
রোববার ব্রাইটনের বিপক্ষে ম্যাচ দিয়ে চেলসির হয়ে অভিষেক হয় মার্তিনেজের। ম্যাচে চারটি নিশ্চিত গোলের সুযোগ ঠেকিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। তবে তিনবার বল জালে জড়াতে দেখেছেন এই আর্জেন্টাইন গোলরক্ষক।
শেষ পর্যন্ত অবশ্য ৪-৩ গোলের জয় দিয়েই অভিষেক স্মরণীয় করেছেন মার্তিনেজ। ব্রাইটনকে হারিয়ে নতুন ক্লাবে নিজের পথচলা শুরু করেছেন বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক।



