আর্জেন্টাইন সহকারী কোচকে ‘মিথ্যাবাদী’ বললেন দানি ওলমো

আর্জেন্টাইন কোচ আয়ালাকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে নতুন অভিযোগ আনলেন স্প্যানিশ তারকা দানি ওলমো।

নয়া দিগন্ত অনলাইন
আর্জেন্টিনার সহকারী কোচ রবের্তো ফাবিয়ান আয়ালা
আর্জেন্টিনার সহকারী কোচ রবের্তো ফাবিয়ান আয়ালা |সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালের বাঁশি বেজেছে সপ্তাহ খানেক আগেই। কিন্তু স্পেন-আর্জেন্টিনা ম্যাচের উত্তাপ এখনো কমেনি। মাঠের লড়াই শেষ হলেও রয়ে গেছে মাঠের বাইরের রেশ। এখনো চলছে বাক যুদ্ধ।

এবার ফাইনাল শেষের সেই উত্তেজনা ও বিতর্ক নতুন করে উসকে দিলেন স্পেনের তারকা দানি ওলমো। আর্জেন্টিনার সহকারী কোচ রবের্তো ফাবিয়ান আয়ালাকে মিথ্যাবাদী বলে আখ্যা দিয়েছেন তিনি।

মূলত ফাইনালের পর স্পেন মিডফিল্ডারকে ধাক্কা দেয়ার ঘটনায় ক্ষমা চেয়েছিলেন আর্জেন্টিনার সহকারী কোচ রবের্তো ফাবিয়ান আয়ালা। তবে সেই ক্ষমা প্রার্থনাকে আন্তরিক মনে করছেন না ওলমো।

বরং তার অভিযোগ, নিজের আচরণকে বৈধতা দিতে মিথ্যা বলছেন আর্জেন্টাইন সহকারী কোচ। আয়ালা সত্য তুলে ধরেননি বলে দাবি করেছেন এই স্প্যানিশ তারকা।

গত ১৯ জুলাই উত্তর আমেরিকা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে স্পেন। উত্তেজনাপূর্ণ সেই ম্যাচে মাঠেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে একাধিকবার ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।

শেষ বাঁশির পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। ওই সময় ওলমোর সাথে শারীরিকভাবে জড়িয়ে পড়েন আয়ালা। অনেকের দাবি, তিনি শুধু ধাক্কাই দেননি, বরং তিনি ঘুষিও মেরেছিলেন স্প্যানিশ তারকাকে।

ঘটনার পর আয়ালা দুঃখ প্রকাশ করে জানান, সুযোগ পেলে ব্যক্তিগতভাবে ওলমোর কাছে ক্ষমা চাইবেন। তবে তিনি দাবি করেন, ওলমোর একটি মন্তব্যের প্রতিক্রিয়াতেই তিনি এমন আচরণ করেছিলেন ও এটি ছিল কেবল একটি ‘ধাক্কা’।

কিন্তু সেই ব্যাখ্যা সরাসরি নাকচ করে দিয়েছেন ওলমো। স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারি দে তেরাসাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কেউ যদি দুঃখ প্রকাশ করে, আবার দাবি করে যে আমার মন্তব্যের জবাবে সে এমন করেছে, তাহলে বোঝাই যায় সে সত্যিকার অর্থে অনুতপ্ত নয়। কারণ সে মিথ্যা বলছে। আমি তাকে কিছুই বলিনি, আমার কাছে তার ক্ষমা চাওয়ারও কোনো প্রয়োজন নেই।’

ওলমো আরো বলেন, ‘ভুল হওয়া অপরাধ নয়। কিন্তু বিনয়, সত্য ও মর্যাদার সাথে সেই ভুল স্বীকার করার সাহসই একজন মানুষের প্রকৃত পরিচয় তুলে ধরে।’

বিশ্বকাপজয়ী স্পেন দলের অন্যতম নায়ক বর্তমানে ছুটিতে রয়েছেন। আগামী ১২ আগস্ট বার্সেলোনার প্রাক-মৌসুম প্রস্তুতিতে কোচ হান্সি ফ্লিকের অধীনে যোগ দেওয়ার কথা রয়েছে তার।