বিশ্বকাপের শেষ মুহূর্তে দুঃসংবাদ স্পেন শিবিরে। টুর্নামেন্টের ফাইনালের আগের প্রস্তুতিতে নামতে চেয়েছিল স্পেন। তবে প্রকৃতির বাধায় সেই পরিকল্পনা আর বাস্তবায়ন করা যায়নি। বজ্রপাতের কারণে শনিবার (১৮ জুলাই) নির্ধারিত শেষ দিনের অনুশীলন বাতিল করতে হয়েছে স্পেনকে।
নিউ জার্সির হুইপ্যানিতে স্থানীয় সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় রাত ৯টায়) অনুশীলনে নামার কথা ছিল স্প্যানিশদের। নিউ ইয়র্ক রেড বুলসের সাবেক অনুশীলন কেন্দ্র এবং এনডব্লিউএসএলের ক্লাব গথাম এফসির ভবিষ্যৎ ট্রেনিং কমপ্লেক্সে হওয়ার কথা ছিল এই সেশন।
তবে বৈরী আবহাওয়ার কারণে প্রথমে অনুশীলন পিছিয়ে দেয়া হয়। কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত পুরো সেশনই বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়।
মাঠে প্রবেশের সময় সংবাদকর্মীদেরও নিরাপত্তার স্বার্থে নির্ধারিত কর্মক্ষেত্রের ভবনের ভেতরে চলে যেতে বলা হয়। দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে জানা গেছে এসব তথ্য।
মাঠে দায়িত্বে থাকা এক কর্মকর্তা দ্য অ্যাথলেটিককে জানান, অনুশীলনস্থলের আট মাইলের মধ্যে বজ্রপাত শনাক্ত হলেই সব ধরনের কার্যক্রম স্থগিত রাখতে হয়। প্রতি ৩০ মিনিট পরপর পরিস্থিতি মূল্যায়ন করা হয়।
বজ্রপাতের ঝুঁকি পুরোপুরি কেটে যাওয়ার পর দেয়া হয় ‘অল ক্লিয়ার’ সংকেত। এরপর অনুশীলন বা খেলা শুরু করা যায়। কিন্তু স্থানীয় শনিবার সকালে পরিস্থিতির উন্নতি না ঘটায় স্পেনকে অনুশীলনের অনুমতি দেয়া হয়নি।
যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোয় অনুষ্ঠিত পুরো টুর্নামেন্টজুড়েই একই বজ্রঝড়-সংক্রান্ত নিরাপত্তা নীতিমালা অনুসরণ করা হয়েছে। এর আগে এই নিয়মের কারণে টুর্নামেন্টের একাধিক ম্যাচের সূচিতে লেগেছিল ধাক্কা।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ১টায় শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে স্পেন ও আর্জেন্টিনা।



