অ্যাসিস্টের নতুন রাজা এখন মেসি

আটলান্টায় দুই অ্যাসিস্টের মাধ্যমে বিশ্বকাপে নিজের মোট অ্যাসিস্টের সংখ্যা ১২-তে নিয়ে গেছেন মেসি। বিশ্বকাপ ইতিহাসে আর কোনো ফুটবলারের এত অ্যাসিস্ট নেই।

নয়া দিগন্ত অনলাইন
লিওনেল মেসি
লিওনেল মেসি |ইন্টারনেট

শিরোপা স্বপ্নটা ফিকে হয়ে আসছিল। সময়ও নেতিয়ে পড়ছিল, ইংল্যান্ড তখন ফাইনালের খুব কাছাকাছি— ঠিক সেই মুহূর্তে সামনে এলেন লিওনেল মেসি। তার সৃষ্টিতে বদলে গেল ম্যাচের গল্প। অবিশ্বাস্য প্রত্যাবর্তন দেখল ফুটবল বিশ্ব।

নির্ধারিত সময় শেষ হওয়ার মাত্র ৫ মিনিট বাকি, ১-০ গোলে এগিয়ে ইংল্যান্ড। সেই মুহূর্তে মেসির নিখুঁত অ্যাসিস্ট থেকে এনজো ফার্নান্দেজের দুর্দান্ত বাঁকানো শটে সমতায় ফেরে আলবিসেলেস্তেরা। ইতিহাসের অংশ হয়ে গেছেন ততক্ষণে মেসি।

এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আসে সেই ভাগ্য বদলে দেয়া মুহূর্ত। আবারো মেসির নিখুঁত ক্রস, এবার সেটিকে শক্তিশালী হেডে জালে পাঠান লাউতারো মার্তিনেজ। মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় ইংল্যান্ড শিবির, উল্লাসে ফেটে পড়ে আর্জেন্টিনা!

ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারে প্রথম ম্যাচ খেলতে নেমে হয়তো গোল পাননি মেসি, তবে যা করেছেন— তাতে দল যেমন উঠেছে ফাইনালে; নিজেও করেছেন দারুণ সব কীর্তি। থ্রি লায়ন্সদের সাথে সাক্ষাৎটা করে রাখলেন স্মরণীয়।

আটলান্টায় বুধবার এই দুই অ্যাসিস্টের মাধ্যমে বিশ্বকাপে নিজের মোট অ্যাসিস্টের সংখ্যা ১২-তে নিয়ে গেছেন মেসি। বিশ্বকাপ ইতিহাসে আর কোনো ফুটবলারের এত অ্যাসিস্ট নেই।

এর আগে ২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে একটি করে, ২০১৮ বিশ্বকাপে দু'টি, ২০২২ বিশ্বকাপে তিনটি এবং চলতি ২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত চারটি অ্যাসিস্ট করেছেন তিনি।

শুধু তাই নয়, জোড়া অ্যাসিস্টের মধ্য দিয়ে বিশ্বকাপে টানা ১১ ম্যাচে গোল কিংবা অ্যাসিস্টে অবদান রেখে আরো একটি অনন্য রেকর্ড গড়েছেন মেসি। বিশ্বকাপ ইতিহাসে আর কোনো ফুটবলারের এমন ধারাবাহিকতা নেই।

চলতি বিশ্বকাপেও দুর্দান্ত ছন্দে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। এখন পর্যন্ত ৮ গোল ও ৪ অ্যাসিস্ট, অর্থাৎ ১২টি গোলে সরাসরি অবদান রয়েছে তার। গোল্ডেন বুটের লড়াইয়েও তাই অন্যতম শীর্ষ দাবিদার তিনি।

বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলা ও সবচেয়ে বেশি গোল করার রেকর্ড আগেই দখলে নিয়েছিলেন মেসি। এবার অ্যাসিস্টের রেকর্ডটাও নিজের করে নিজেকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়।

এদিকে এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে বিশ্বকাপে নিজের প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কারের সংখ্যা ১৫-তে নিয়ে গেছেন মেসি। বিশ্বকাপ ইতিহাসে আর কোনো ফুটবলারেরই ম্যাচসেরা হওয়ার সংখ্যা দুই অঙ্কে পৌঁছায়নি।

অন্যদিকে নেতৃত্বেও দারুণ কীর্তি গড়েছেন মেসি। তার হাত ধরেই টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা, যা বিশ্ব ফুটবলের দারুণ এক অর্জন।

এখন সামনে আর মাত্র একটি ম্যাচ। সেই ম্যাচ জিততে পারলে শুধু শিরোপাই নয়, ১৯৬২ সালের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দু'টি বিশ্বকাপ জয়ের ইতিহাসও গড়বে আলবিসেলেস্তেরা।