রবিনহো জুনিয়র ও তার পরিবারের কাছে আগেই দুঃখপ্রকাশ করেছিলেন নেইমার। এবার তরুণ সতীর্থকে ‘চড় মারার’ ঘটনায় প্রকাশ্যে ক্ষমা চাইলেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড।
গত রোববার সান্তোসের অনুশীলনে নেইমার ও রবিনহো ঝামেলায় জড়ান। গণমাধ্যমের খবর, উত্তপ্ত তর্কে জড়ানো দুই খেলোয়াড়কে টেনে আলাদা করেন সতীর্থরা। তবে ততক্ষণে যা হবার হয়ে যায়।
মেজাজ হারিয়ে রবিনহোকে মারধর করে বসেন নেইমার। বাজে ভাষায় গালমন্দ করার পাশাপাশি পা লাগিয়ে ফেলে দেন তাকে ও মুখে জোরে চড় মেরে দেন। যা নিয়ে জল বহুদূর গড়ায়।
অবশেষে মিটমাট হয়ে গেছে নেইমার ও রবিনহো জুনিয়রের সমস্যা। হয়েছে ভুল বোঝাবুঝির অবসান। অবশ্য এমন আভাস পাওয়া গিয়েছিল গত মঙ্গলবারেই।।
দেপোর্তিভো রিকলেতার বিপক্ষে ১-১ ড্র ম্যাচে গোল করে বেঞ্চে থাকা রবিনহোকে জড়িয়ে ধরে উদযাপন করেন নেইমার। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রকাশ্যে ক্ষমা চান তিনি।
নেইমার বলেন, ‘যদি রবিনহো জুনিয়রের প্রতিনিধিরা চান সংবাদমাধ্যমে আমি ক্ষমা চাই, তাহলে এখন সেটাই করছি। আগেই রবিনহো ও তার পরিবারের কাছে ক্ষমা চেয়েছি।’
‘হ্যাঁ, আমার প্রতিক্রিয়াটা বাড়াবাড়ি মাত্রায় হয়ে গিয়েছিল, পরিস্থিতি ভিন্নভাবে সামাল দেয়া যেত। কিন্তু আমি মেজাজ হারিয়ে ফেলেছিলাম।’ যোগ করেন এই তারকা ফুটবলার।
‘সবাই ভুল করে। আমারও ভুল হয়েছে, তারও হয়েছে, তবে আমার ভুলটা একটু বেশিই ছিল। সোমবার দলের সবার সামনে তার কাছে ক্ষমা চেয়েছি। সেও ক্ষমা চেয়েছিল। বিষয়টি সেখানেই শেষ।’
এরপর রবিনহো জুনিয়র এই ক্ষমা প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানান ‘ছোটবেলা থেকে নেইমার আমার আইডল’। তিন বলেন, নেইমার সাথে সাথেই বুঝতে পারেন যে, সীমা লঙ্ঘন করে ফেলেছেন।’
‘এরপর কয়েকবার ক্ষমা চান তিনি। আর সেটা আমি মেনেও নিয়েছি, যা আগেই বলেছি আমি। নেইমার ছোটবেলা থেকেই আমার আদর্শ, তাই ঘটনাটি আমাকে কষ্ট দিয়েছিল।’
‘মানুষ এমন অনেক কিছু বলছে, যা সত্য নয়। বিষয়টি এই পর্যায়ে চলে গেছে, যা দেখে খারাপ লাগছে। তবে আমি ঠিক আছি, তাকে আমি অনেক পছন্দ করি। আমাদের সব মিটমাট হয়ে গেছে।’



