চলমান ফুটবল বিশ্বকাপকে ঘিরে নতুন করে ভিসা জটিলতায় পড়েছে ইরান জাতীয় ফুটবল দল। দেশটির প্রতিনিধি দলের ১৫ সদস্যের যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা আবেদন প্রথমে প্রত্যাখ্যান করা হয়। পরে তাদের মধ্যে ১০ জন পুনরায় আবেদন করলে মাত্র চারজন ভিসা পেতে সক্ষম হন। ফলে দলের ১১ কর্মকর্তা এখনও যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাননি।
ভিসা পাওয়া চারজনের মধ্যে রয়েছেন দলের একজন পারফরম্যান্স বিশ্লেষক এবং ইরান ফুটবল ফেডারেশনের আন্তর্জাতিক বিভাগের দুই কর্মকর্তা। তবে পুনরায় আবেদন করেও ভিসা পাননি ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ, একজন সহসভাপতি, দুইজন টিম অ্যাডমিনিস্ট্রেটর, একজন মিডিয়া কর্মকর্তা এবং একজন নিরাপত্তা কর্মকর্তা।
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরান আগেই তাদের বিশ্বকাপ প্রস্তুতি ঘাঁটি যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে স্থানান্তর করেছে। দলটি ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর ২১ জুন বেলজিয়াম এবং ২৬ জুন মিসরের মুখোমুখি হবে তারা।
এদিকে ইরানি সমর্থকদের জন্য বরাদ্দ গ্রুপ পর্বের কিছু টিকিটও সম্প্রতি বাতিল করেছে মার্কিন কর্তৃপক্ষ। তবে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফিফা জানিয়েছে, ইরানি সমর্থকদের মাঠে উপস্থিতি নিশ্চিত করতে তারা সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কাজ করছে।
এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, বিশ্বকাপে অংশ নিতে আসা ইরানি খেলোয়াড়দের যুক্তরাষ্ট্রে স্বাগত জানানো হবে। তবে কর্মকর্তাদের ভিসা জটিলতা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
এ বিষয়ে সাবেক ফিফা সভাপতি সেপ ব্লাটার সমালোচনা করে বলেন, বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের দায়িত্ব হলো সব যোগ্য দল, কর্মকর্তা ও রেফারিদের অবাধ প্রবেশ নিশ্চিত করা। ক্রীড়া প্রতিযোগিতাকে রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে রাখার আহ্বানও জানান তিনি।
বিশ্বকাপ শুরুর প্রাক্কালে ইরানের প্রতিনিধি দলের একটি বড় অংশের ভিসা না পাওয়ার ঘটনায় আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এ পরিস্থিতি বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে পারে।



