স্পেনের শ্রেষ্ঠত্ব স্বীকার করলেও রেফারিং নিয়ে ক্ষোভ ফ্রান্স কোচের

বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে ফ্রান্স বিদায় নেয়ার পর মাঠের খেলায় প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব অকপটে স্বীকার করেছেন কোচ দিদিয়ের দেশম, তবে একই সাথে ম্যাচ পরিচালনাকারী মূল রেফারির যোগ্যতা ও কিছু সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

নয়া দিগন্ত অনলাইন
ফরাসী কোচ দিদিয়ের দেশম
ফরাসী কোচ দিদিয়ের দেশম |সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে ফ্রান্সের। ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে গোল হজম করে পিছিয়ে পড়ে দিদিয়ের দেশমের দল। বিরতির পর আরো ১ গোল হজম করে বিদায় নিশ্চিত হয় দু’বারের চ্যাম্পিয়নদের।

ডালাসে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে শুরু থেকেই মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে খেলেছে স্পেন। বলের দখল, আক্রমণ তৈরি ও সুযোগ সৃষ্টিতে স্পষ্টভাবে এগিয়ে ছিল লা রোখা। পুরো ম্যাচেই ছন্দ খুঁজে পায়নি ফ্রান্স, অনেকটা অসহায়ই দেখা গেছে তাদের।

ম্যাচ শেষে নিজেদের ব্যর্থতা স্বীকার করলেও রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। বিশেষ করে ৩৫ বছর বয়সী এল সালভাদরের রেফারি ইভান বার্টনের এমন গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।

সংবাদ সম্মেলনে দেশম বলেন, ‘হারের পর রেফারিং নিয়ে কথা বললে আমাকে হয়তো ‘ক্রাই বেবি’ মনে হবে। কিন্তু আমি আপনাদেরই জিজ্ঞেস করছি, এই রেফারি কি বিশ্বকাপের সেমিফাইনাল পরিচালনার জন্য উপযুক্ত ছিলেন? চতুর্থ ও পঞ্চম রেফারি দারুণ ছিলেন। কিন্তু মূল রেফারি?’

দেশমের আপত্তি শুধু ম্যাচের শুরুতে দেয়া পেনাল্টি নিয়েই নয়। পুরো ম্যাচে বেশ কয়েকটি সিদ্ধান্ত তার কাছে প্রশ্নবিদ্ধ মনে হয়েছে।

তিনি বলেন, ‘শুধু পেনাল্টির বিষয় নয়, পুরো ম্যাচ মিলিয়েই আমার এমন অনুভূতি হয়েছে। আজকের রেফারির বিরুদ্ধে ব্যক্তিগত কোনো ক্ষোভ নেই। তবে আপনারাই নিজেদের প্রশ্ন করুন। আমি শুধু আজ হেরেছি বলেই এসব বলছি না। ম্যাচে এমন কিছু সিদ্ধান্ত হয়েছে, যেগুলো পক্ষপাতমূলকও মনে হয়েছে।’

তবে সব দায় ম্যাচ কর্মকর্তাদের ওপর চাপিয়ে দেননি দেশম। বরং অকপটেই স্বীকার করেছেন, মাঠের খেলায় স্পেনই ছিল শ্রেষ্ঠ দল।

ফরাসি কোচ বলেন, ‘টেকনিক্যাল দিক থেকে আমরা পিছিয়ে ছিলাম। নিজেদের স্বাভাবিক মানের কাছাকাছিও খেলতে পারিনি। খেলোয়াড়রা মানসিকভাবে ভেঙে পড়েছে, কিন্তু হারের সবচেয়ে বড় কারণ আমাদের পারফরম্যান্স।’

ম্যাচে ভুল পাস ও টেকনিক্যাল ভুলের বিষয়টিও আলাদাভাবে তুলে ধরেন দেশম। তার ভাষায়, ‘আমরা এমন কিছু টেকনিক্যাল ভুল করেছি ও ভুল পাস দিয়েছি, যেখান থেকে প্রতিপক্ষ গোলের সুযোগ পেয়েছে। সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে এমন ভুলের মূল্য দিতেই হয়।’

সেমিফাইনালের হতাশা কাটিয়ে এখন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মনোযোগ দিতে চায় ফ্রান্স। তবে একটি হারে পুরো বিশ্বকাপ অভিযানের মূল্যায়ন করতে নারাজ দেশম।

শেষে তিনি বলেন, ‘আমরা এখন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলব। এই একটি ম্যাচের কারণে পুরো টুর্নামেন্টে আমাদের অর্জন মুছে ফেলতে চাই না। তবে এটাও সত্য, এই সেমিফাইনালে স্পেন আমাদের চেয়ে অনেক ভালো ফুটবল খেলেছে।’