নতুন প্রজন্মের জন্য জায়গা ছেড়ে দিতে ও ক্লাব ফুটবলে পুরোপুরি মনোযোগ দিতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন আন্টোনিও রুডিগার। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় জাতীয় দলের অধ্যায়ের ইতি টানার ঘোষণা দেন তিনি।
৩৩ বছর বয়সী এই জার্মান ডিফেন্ডার বিদায় বার্তায় লিখেন, ‘কিছুদিন চিন্তা-ভাবনার পর বুঝতে পেরেছি, জাতীয় দলের ক্যারিয়ার শেষ করার সময় হয়েছে আমার। একইসাথে তরুণ প্রজন্মের জন্য জায়গা করে দেয়াও প্রয়োজন।’
জাতীয় দলের হয়ে শিরোপা জিততে না পারার আক্ষেপ থাকলেও এই অধ্যায়কে জীবনের বিশেষ সময় হিসেবে দেখছেন রুডিগার।
‘সাম্প্রতিক টুর্নামেন্টগুলোয় আমরা কোনো শিরোপা জিততে পারিনি এবং কিছু খুব কষ্টের হার সইতে হয়েছে। তবুও জাতীয় দলের হয়ে এই সময়টা আমার জীবনের খুবই বিশেষ এক অধ্যায়।’
২০১৪ সালের মে মাসে জার্মানির হয়ে অভিষেক রুডিগারের। ধীরে ধীরে দলের রক্ষণভাগের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তিনি। যদিও অভিষেকের বছর বিশ্বকাপজয়ী জার্মান দলের অংশ ছিলেন না এই ডিফেন্ডার।
এরপর দেশের হয়ে খেলেছেন তিনটি বিশ্বকাপ ও একাধিক ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। সব মিলিয়ে জার্মানির জার্সিতে তার ম্যাচ ৮৬টি। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় জার্মানি।
সর্বশেষ উত্তর আমেরিকা বিশ্বকাপে অবশ্য শুরুটা দারুণ করেছিল তারা। কিন্তু শেষ বত্রিশের ম্যাচে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় নেয় জার্মানি। সেই ম্যাচটিই হয়ে থাকল রুডিগারের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ।
বার্লিনে জন্ম নেয়া রুডিগারের ফুটবল জীবনের উল্লেখযোগ্য শুরুর সময় কাটে বরুশিয়া ডর্টমুন্ড ও স্টুটগার্টের যুব দলে। স্টুটগার্টের মূল দলের হয়ে অভিষেকের পর খেলেছেন রোমা ও চেলসিতে। ২০২২ সালে যোগ দেন রিয়াল মাদ্রিদে, সেখানেই এখনো খেলছেন তিনি।
চেলসির হয়ে ২০২১ সালে চ্যাম্পিয়ন্স লিগ জেতেন রুডিগার। ইংলিশ ক্লাবটির হয়ে আরও কয়েকটি শিরোপা জেতার পর রেয়ালে যোগ দিয়ে পেয়েছেন লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগসহ আরো সাফল্য।
বিদায়ী বার্তায় রুডিগার লিখেছেন, ‘আমার জন্য নতুন এক অধ্যায়ের শুরু হচ্ছে, যেখানে আমি আমার ক্লাবে পূর্ণ মনোযোগ দেবো।’



