চলে গেলেন বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি বারেসি

‘ফ্রাঙ্কো বারেসির প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ইতালির ফুটবল অঙ্গনে। তার আদর্শ ও সততা ক্লাবের ডিএনএতে চিরকাল লেখা থাকবে। তার ৬ নম্বর জার্সি চিরকাল ক্লাবের পরিচয় ও ঐতিহ্যের অংশ হয়ে থাকবে।’

নয়া দিগন্ত অনলাইন
ফ্রাঙ্কো বারেসি
ফ্রাঙ্কো বারেসি |সংগৃহীত

বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি মারা গেছেন।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ মারা গেছেন এসি মিলানের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক ৬৬ বছর বয়সী বারেসি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে এসি মিলান।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে এসি মিলান বলেছে, ‘ফ্রাঙ্কো বারেসির প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ইতালির ফুটবল অঙ্গনে। তার আদর্শ ও সততা ক্লাবের ডিএনএতে চিরকাল লেখা থাকবে। তার ৬ নম্বর জার্সি চিরকাল ক্লাবের পরিচয় ও ঐতিহ্যের অংশ হয়ে থাকবে।’

১৯৬০ সালের ৮ মে ইতালির ত্রাভালিয়াতো শহরে জন্মগ্রহণ করেন বারেসি। ১৯৮২-১৯৯৪ সাল পর্যন্ত ইতালির জার্সিতে ৮১ ম্যাচ খেলে মাত্র এক গোল করেছেন তিনি। ১৯৮২ সালে বিশ্বকাপজয়ী ইতালির দলের সদস্য ছিলেন। তবে ওই বিশ্বকাপে খেলার সুযোগ পাননি বারেসি। এরপর কোচের সাথে বিরোধের জেরে ১৯৮৬ সালের বিশ্বকাপ দলে সুযোগ হয়নি তার।

১৯৯০ সালে বিশ্বকাপে প্রথম খেলার সুযোগ পান বারেসি। আসরে সেমিফাইনাল থেকে বিদায় নেয় ইতালি।

১৯৯৪ বিশ্বকাপে ফাইনালে ওঠে বারেসির নেতৃত্বাধীন ইতালি। শিরোপা নির্ধারণী ম্যাচে ব্রাজিলের কাছে টাইব্রেকারে ৩-২ গোলে হারে ইতালি। টাইব্রেকারে ইতালির হয়ে প্রথমে শট নেয়া বারেসি গোল করতে ব্যর্থ হন।

খেলোয়াড়ি জীবনে ১৯৭৭ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত এসি মিলানের হয়ে ৫৩২ ম্যাচে ১৬ গোল করেছেন বারেসি। ১৫ মৌসুম মিলানকে নেতৃত্বও দিয়েছেন তিনি।

মিলানের হয়ে তিনটি ইউরোপীয় কাপ (বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ) ও ছয়টি ইতালিয়ান লিগ শিরোপা জয় করেছেন বারেসি। ১৯৯৭ সালে বারেসি অবসর নেয়ার পর তার সম্মানে ৬ নম্বর জার্সি তুলে রাখে মিলান। ক্লাবের প্রথম খেলোয়াড় হিসেবে এই বিরল সম্মানে ভূষিত হয়েছেন বারেসি। বাসস