বিশ্বকাপ ফাইনালের মঞ্চ এখন পুরোপুরি প্রস্তুত। শিরোপা নির্ধারণী ম্যাচকে সামনে রেখে নিউইয়র্ক পৌঁছেছে দুই ফাইনালিস্ট আর্জেন্টিনা ও স্পেন। আগামী রোববার রাতে এখানেই সোনালি ট্রফির জন্য লড়বে ইউরোপ ও আমেরিকার দুই পরাশক্তি।
বুধবার (১৫ জুলাই) সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
এরপর বৃহস্পতিবার দলীয় বাসে করে নিউ জার্সি স্টেডিয়াম এলাকায় পৌঁছান লিওনেল মেসিরা।
শিরোপা নির্ধারণী শহরে তাদের স্বাগত জানান আয়োজক কমিটির কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও নিরাপত্তাকর্মীরা। এই সময় দলকে বরণ করতে বিমানবন্দর ও দলের অবস্থানস্থলের বাইরে জড়ো হয়েছিলেন একদল সমর্থক।
আর্জেন্টিনার পতাকা হাতে, মেসির জার্সি গায়ে প্রিয় দলকে স্বাগত জানান তারা। নিরাপত্তার কড়াকড়ির মাঝেও ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
অন্যদিকে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করা স্পেনও নিউ জার্সিতে পৌঁছে গেছে আগেই। দলটি ইতোমধ্যে তাদের বেস ক্যাম্পে অনুশীলন শুরু করেছে।
সেমিফাইনালের ধকল কাটাতে প্রথমে রিকভারি সেশন করেন ফুটবলাররা। এরপর শুরু হয়েছে কৌশলগত অনুশীলন। কোচিং স্টাফ আর্জেন্টিনার বিপক্ষে প্রেসিং, বলের দখল ধরে রাখা ও সেট-পিস নিয়ে বিশেষভাবে কাজ করছেন। তবে এদিন লামিন ইয়ামাল ও পেদ্রো পোরোকে বিশ্রামে রাখা হয়।
এদিকে ফাইনালের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি, কৌশল নির্ধারণ এবং খেলোয়াড়দের ফিটনেস নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন দুই দলের কোচ। লক্ষ্য প্রতিপক্ষকে ফাঁদে ফেলে শিরোপা উঁচিয়ে ধরার।
এই ফাইনাল ঘিরে বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন লিওনেল মেসি। টানা দ্বিতীয় শিরোপা জয়ের পাশাপাশি নিজের শেষ বিশ্বকাপে আরেকটি সোনালি অধ্যায় যোগ করার সুযোগ তার সামনে।
অন্যদিকে ২০১০ সালের পর দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য স্পেনের।
নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই মহারণে একদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে দুর্দান্ত ছন্দে থাকা স্পেন। ফুটবল বিশ্বের কোটি কোটি চোখ এখন অপেক্ষায়—বিশ্বকাপ ট্রফি শেষ পর্যন্ত কার হাতে ওঠে, সেই উত্তর জানার জন্য।



