উয়েফা ইউরোপা লিগ থেকে তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পর বাদ পড়ার পর শুক্রবার মোহামেদ সালাহ ক্লাবটির প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
বৃহস্পতিবার বুদাপেস্টে ফেরেনৎসভারোসের কাছে ট্রাবজোনস্পর ৪-০ গোলে হারের পর মিশরীয় এই তারকা যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি এক্সে একটি বিবৃতি দেন।
সালাহ বলেন, “আমার ক্যারিয়ারে কোনো অর্জনই সহজে আসেনি। খারাপ সময় ও হতাশা ফুটবলেরই অংশ। আর আমি এগুলোকে প্রেরণা এবং ট্রফিতে পরিণত করতে শিখেছি।”
৩৪ বছর বয়সী সালাহ জোর দিয়ে বলেছেন, এই হতাশাজনক ফলাফল কৃষ্ণসাগরীয় অঞ্চলের ক্লাবটির প্রতি তার অঙ্গীকারে কোনো প্রভাব ফেলবে না।
তিনি বলেন, “ট্রাবজোনস্পর আমার ক্লাব, এবং আমি মন-প্রাণ দিয়ে এই প্রকল্পের অংশ। গত রাতের ঘটনা এতে কোনো পরিবর্তন আনবে না।”
সালাহ স্বীকার করেছেন যে ক্লাবটিকে ঘিরে প্রত্যাশা অনেক বেশি। একই সঙ্গে তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেছেন যে দলটি প্রত্যাশা পূরণ করতে পারবে।
তিনি বলেন, “আমি জানি প্রত্যাশা অনেক বেশি এবং আমি সত্যিই বিশ্বাস করি, আমরা প্রত্যাশা পূরণ করতে পারি এবং করবও। ‘আমি এখানে জিততে এসেছি’—আমার কাছে এটি শুধু একটি স্লোগান নয়।”
নিজেদের ঘরের মাঠে প্রথম লেগে ১-০ গোলে হারের পর ট্রাবজোনস্পর প্লে-অফ রাউন্ডে দুই লেগ মিলিয়ে ৫-০ ব্যবধানে ইউরোপা লিগ থেকে বাদ পড়ে।
দ্বিতীয় লেগের পরাজয়ের পর প্রধান কোচ ফাতিহ তেক্কে পদত্যাগের ঘোষণা দেন। তিনি ফলাফলটিকে “অগ্রহণযোগ্য” বলে বর্ণনা করেন। তবে ক্লাব কর্তৃপক্ষ তার পদত্যাগের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে।
এখন ট্রাবজোনস্পর উয়েফা কনফারেন্স লিগে তাদের ইউরোপীয় অভিযান চালিয়ে যাবে। লিগ পর্বে তারা ফ্রেইবুর্গ, রেড স্টার বেলগ্রেড, কুপিএস কুওপিও, হার্টস, জাব্লোনেৎস এবং সিএসকেএ সোফিয়ার মতো ক্লাবের মুখোমুখি হবে।
সূত্র: আনাদোলু এজেন্সি।
অনুবাদ: আরমান হোসাইন, নয়া দিগন্তের ইন্টার্ন শিক্ষার্থী।



