বিশ্বকাপে কি খেলতে পারবেন ইয়ামাল

‘ছোটকাল থেকেই আমি বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখতাম। আগামী দুই মাস আমার কাছে খুবই অল্প সময় মনে হচ্ছে। আশা করছি চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপ শেষ করতে পারবো।’

নয়া দিগন্ত অনলাইন
লামিন ইয়ামাল
লামিন ইয়ামাল |ফাইল ছবি

হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়েছেন স্পেনের তরুণ উইঙ্গার লামিন ইয়ামাল। যদিও তার ক্লাব বার্সেলোনার পক্ষ থেকে আসন্ন বিশ্বকাপের আগে ফিট হয়ে ওঠার প্রত্যাশা করা হয়েছে।

এ প্রসঙ্গে বার্সেলোনা বলেছে, ‘লামিন ইয়ামালের বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে ইনজুরির বিষয়টি নিশ্চিত হয়েছে। এই মুহূর্তে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। মৌসুমের বাকি সময়টা তিনি আর মাঠে নামতে পারবেন না।

তবে বিশ্বকাপের আগে তার সেরে ওঠার প্রত্যাশা করা হচ্ছে।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য বিশ্বকাপে গ্রুপ-এইচ’এ স্পেন কেপ ভার্দে, সৌদি আরব ও উরুগুয়ের মোকাবেলা করবে। ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে স্পেনের বিশ্বকাপযাত্রা শুরু হবে।

বুধবার লা লিগায় সেল্টা ভিগোর বিরুদ্ধে বার্সেলোনার ১-০ গোলে জয়ের ম্যাচটিতে ইনজুরিতে পড়েন ইয়ামাল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইয়ামাল লিখেছেন, ‘যখন আমি সবচেয়ে বেশি মাঠে থাকতে চেয়েছিলাম, ঠিক তখনই এই চোট আমাকে মাঠের বাইরে নিয়ে যাচ্ছে, যা ভাষায় প্রকাশের চেয়েও বেশি কষ্টের।”

তিনি আরো বলেন, এটাই শেষ নয়, এটা শুধু একটা বিরতি। আমি আরো শক্তভাবে ফিরে আসব, আগের চেয়ে বেশি দৃঢ়তা নিয়ে। আগামী মৌসুম আরো ভালো হবে।

২০২৩ সালে জাতীয় দলে অভিষেকের পর টিনএজ এই স্প্যানিশ উইঙ্গার এ পর্যন্ত ২৫ ম্যাচে করেছেন ৬ গোল।

বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক বলেছেন, ইয়ামাল কখনোই কোনো কারণ ছাড়া মাঠ ত্যাগ করে না। এই মুহূর্তে সে ইনজুরিতে আছে, একজন কোচ হিসেবে এই পরিস্থিতির সাথে আমাকে মানিয়ে নিতে হবে। তাকে ছাড়া আমাকে বিকল্প চিন্তা করতে হবে।

এই মুহূর্তে লা লিগায় বার্সেলোনা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের থেকে ৯ পয়েন্ট এগিয়ে আছে। আগামী ১০ মে অনুষ্ঠিতব্য এল ক্লাসিকোসহ হাতে আছে আর মাত্র ৬টি ম্যাচ।

উরুর ইনজুরির কারণে সেপ্টেম্বর ও অক্টোবরে খেলতে না পারলেও এবারের মৌসুমে বার্সেলোনার হয়ে সর্বোচ্চ ২৪ গোল করেছেন ইয়ামাল।

ইউরো ২০২৪ জয়ী স্পেন দলে অপরিহার্য অংশ ছিলেন ইয়ামাল। চলতি সপ্তাহের শুরুতে তিনি বিশ্বকাপ নিয়ে নিজের উচ্ছ্বাসের কথা ব্যক্ত করেছিলেন, ‘ছোটকাল থেকেই আমি বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখতাম। আগামী দুই মাস আমার কাছে খুবই অল্প সময় মনে হচ্ছে। আশা করছি চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপ শেষ করতে পারবো।’

স্প্যানিশ কোচ লুইস ডি লা ফুয়েন্তের চূড়ান্ত স্কোয়াডে ইয়ামালের খেলা নিয়ে কিছুটা হলেও শঙ্কা রয়েছে। ইয়ামাল ছাড়াও এই মুহূর্তে স্পেনের বেশ কয়েকজন তারকাই ইনজুরির সাথে লড়াই করে চলেছেন। যাদের মধ্যে অন্যতম রড্রি, ফাবিয়ান রুইজ, মিকেল মেরিনো ও নিকো উইলিয়ামস।