টানা পঞ্চমবারের মতো বিশ্বের সবচেয়ে দামী ফুটবল ক্লাব হিসেবে রিয়ালের রেকর্ড

ফোর্বসের তথ্য অনুযায়ী, গত পাঁচ বছর ধরে এবং শেষ ১৩ বছরের মধ্যে ১০ বার বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবল ক্লাব হয়েছে রিয়াল মাদ্রিদ।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

রিয়াল মাদ্রিদ আবারো বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবল ক্লাব হিসেবে শীর্ষে রয়েছে। ফোর্বস প্রকাশিত সর্বশেষ তালিকা অনুযায়ী, ২০২৪-২৫ মৌসুমে ক্লাবটি রেকর্ড ১.২৭ বিলিয়ন ডলার আয় করেছে।

এই আয় ২০২৪ সালে এনএফএল দল ডালাস কাউবয়েসের ১.২৩ বিলিয়ন ডলারের আয়কেও ছাড়িয়ে গেছে। মুদ্রাস্ফীতি সমন্বয় ছাড়া এটি এখন পর্যন্ত কোনো ক্রীড়া দলের সর্বোচ্চ বার্ষিক আয়ের রেকর্ড।

ফোর্বসের তথ্য অনুযায়ী, গত পাঁচ বছর ধরে এবং শেষ ১৩ বছরের মধ্যে ১০ বার বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবল ক্লাব হয়েছে রিয়াল মাদ্রিদ।

মাঠের পারফরম্যান্সে গত দুই মৌসুমে প্রত্যাশা পূরণ করতে পারেনি স্প্যানিশ জায়ান্টরা। সান্তিয়াগো বার্নাব্যুতে কোনো শিরোপানা এলেও, মাঠের বাইরে অর্থনৈতিক সাফল্যে তারা এখনো বিশ্ব ফুটবলের মানদণ্ডকে অনেক উপরে নিয়ে গেছে।

বর্তমানে ক্লাবটির মোট মূল্য ধরা হয়েছে ৯.৫ বিলিয়ন ডলার, যা চিরপ্রতিদ্বন্দ্বী ও লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে প্রায় ২ বিলিয়ন ডলার বেশি।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনাও পিছিয়ে নেই। খেলোয়াড় বিক্রির আয় বাদ দিয়েও বছরে ১ বিলিয়ন ডলারের বেশি আয় করা একমাত্র অন্য ফুটবল ক্লাব তারাই।

যদিও তালিকার শীর্ষ দুইয়ে রয়েছে লা লিগার দুই ক্লাব, তবে সংখ্যার বিচারে আধিপত্য রয়েছে প্রিমিয়ার লিগের ক্লাবের। শীর্ষ ৩০ ক্লাবের মধ্যে ১১টিই ইংলিশ প্রিমিয়ার লিগের।

এটি সাম্প্রতিক সময়ে ইউরোপীয় প্রতিযোগিতায় ইংলিশ ক্লাবগুলোর আধিপত্যের ব্যাখ্যাও হতে পারে। ইংলিশ দলগুলো টানা দুই মৌসুম উয়েফা ইউরোপা লিগ ও উয়েফা ইউরোপা কনফারেন্স লিগ জিতেছে। আর শনিবার আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারলে ইংলিশ ক্লাবগুলোর পূর্ণ আধিপত্য নিশ্চিত হবে।

আগামী বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হওয়ার আগে আমেরিকান ক্লাবগুলোর জন্যও এটি বড় ইতিবাচক খবর। মেজর লিগ সকারের সাতটি ক্লাব শীর্ষ ৩০-এ জায়গা পেয়েছে, যা প্রিমিয়ার লিগের পর দ্বিতীয় সর্বোচ্চ।

অন্যদিকে, সিরি-আ’র চারটি ক্লাব তালিকায় রয়েছে। আর বুন্দেসলিগা ও লা লিগার রয়েছে তিনটি করে ক্লাব। ফ্রান্সের প্রতিনিধিত্ব করছে বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি ও পর্তুগালের প্রতিনিধিত্ব করছে বেনফিকা।

ফোর্বসের ২০২৬ সালের সবচেয়ে দামী ফুটবল ক্লাবের তালিকা :
১. রিয়াল মাদ্রিদ- ৯.৫ বিলিয়ন ডলার

২. বার্সেলোনা- ৭.৫ বিলিয়ন ডলার

৩. ম্যানচেস্টার ইউনাইটেড- ৭.২ বিলিয়ন ডলার

৪. লিভারপুল- ৬.২ বিলিয়ন ডলার

৫. পিএসজি- ৫.৮ বিলিয়ন ডলার

৬. বায়ার্ন মিউনিখ- ৫.৭ বিলিয়ন ডলার

৭. ম্যানচেস্টার সিটি- ৫.৫ বিলিয়ন ডলার

৮. আর্সেনাল- ৫.৪ বিলিয়ন ডলার

৯. চেলসি- ৪.২ বিলিয়ন ডলার

১০. টটেনহ্যাম- ৩ বিলিয়ন ডলার

১১. এ্যাথলেটিকো মাদ্রিদ- ২.৯৫ বিলিয়ন ডলার

১২. জুভেন্টাস- ২.৪ বিলিয়ন ডলার

১৩. বরুসিয়া ডর্টমুন্ড- ২.২ বিলিয়ন ডলার

১৪. এসি মিলান- ১.৮৫ বিলিয়ন ডলার

১৫. ইন্টার মিলান- ১.৮ বিলিয়ন ডলার

১৬. এ্যাস্টন ভিলা- ১.৪ বিলিয়ন ডলার

১৭. ইন্টার মিয়াম- ১.৩৫ বিলিয়ন ডলার

১৮. এলএএফসি- ১.৩২ বিলিয়ন ডলার

১৯. নিউক্যাসল ইউনাইটেড- ১.২৫ বিলিয়ন ডলার

২০. এলএ গ্যালাক্সি- ১.০৮ বিলিয়ন ডলার

২১. নিউ ইয়র্ক সিটি- ১.০২ বিলিয়ন ডলার

২২. আটালান্টা ইউনাইটেড- ১ বিলিয়ন ডলান

২৩. বেনফিকা- ৯৬০ মিলিয়ন ডলার

২৪. এএস রোমা- ৯৪০ মিলিয়ন ডলার

২৫. এভারটন- ৯৩০ মিলিয়ন ডলার

২৬. ফুলহ্যাম- ৯২০ মিলিয়ন ডলার

২৭. ব্রাইটন- ৯১০ মিলিয়ন ডলার

২৮. স্টুটগার্ট- ৮৮০ মিলিয়ন ডলার

২৯. সিটল সাউন্ডার্স- ৮৬০ মিলিয়ন ডলার

৩০. অস্টিন এফসি- ৮৫৫ মিলিয়ন ডলার