লা লিগা শিরোপার দ্বারপ্রান্তে বার্সেলোনা, আত্মবিশ্বাস বাড়াল এ্যাথলেটিকো

এ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে নামার আগে এ্যাথলেটিকো শেষ আট ম্যাচের সাতটিতেই হেরেছিল, যার মধ্যে গত সপ্তাহে কোপা দেল রে ফাইনালও ছিল।

নয়া দিগন্ত অনলাইন

ফারমিন লোপেজ ও মার্কাস রাশফোর্ডের গোলে শনিবার গেতাফের মাঠে ২-০ ব্যবধানে জিতে লা লিগা শিরোপার কাছাকাছি পৌঁছে গেছে বার্সেলোনা।

দিনের আরেক ম্যাচে এ্যাথলেটিকো মাদ্রিদ ৩-২ ব্যবধানে এ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের আগে আত্মবিশ্বাস বাড়িয়েছে।

বর্তমান চ্যাম্পিয়ন বার্সা এখন দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের থেকে ১১ পয়েন্ট এগিয়ে গেছে। শুক্রবার রিয়াল বেতিসের সাথে ড্র করে পয়েন্ট হারানো রিয়ালের শিরোপা জয়ের আশা অনেকটাই শেষ হয়ে গেছে।

হান্সি ফ্লিকের দল আগামী সপ্তাহে ওসাসুনাকে হারাতে পারলে এবং রিয়াল মাদ্রিদ এস্পানিওলের বিপক্ষে জিততে ব্যর্থ হলে টানা দ্বিতীয়বারের মতো স্প্যানিশ শিরোপা নিশ্চিত করতে পারবে।

ফ্লিক বলেন, এখনো কিছুই শেষ হয়নি, আমাদের সামনে আরো পাঁচটি ম্যাচ আছে এবং আমরা শুধু পরের ম্যাচ নিয়েই ভাবছি। সময় হলে উদযাপন করব, এখন নয়।

গুরুত্বপূর্ণ উইঙ্গার লামিন ইয়ামাল ও রাফিনহা চোটের কারণে অনুপস্থিত থাকলেও ষষ্ঠ স্থানে থাকা গেতাফের বিপক্ষে জয় পেতে সমস্যা হয়নি বার্সার। গেতাফে ছোট ছোট ফাউল করে বার্সার ছন্দ নষ্ট করার চেষ্টা করে। যে কারণে স্পষ্ট সুযোগ তৈরি করতে কিছুটা বেগ পেতে হয় বার্সাকে। প্রথমার্ধের শেষের দিকে পেড্রির পাস থেকে লোপেজ গোল করে দলকে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে গেতাফে সমতা ফেরাতে আক্রমণাত্মক হয়ে উঠলে বার্সা আরো সুযোগ পায়। শেষ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে আসা রাশফোর্ড গোল করে জয় নিশ্চিত করেন। রবার্ট লেভানডোস্কির পাস থেকে তিনি গোল করে বার্সেলোনাকে শিরোপার আরো কাছে পৌঁছে দেন।

মেট্রোপলিটানো স্টেডিয়ামে আলেক্সান্ডার সোরলোথ জোড়া গোল করে স্বাগতিক এ্যাথলেটিকো মাদ্রিদকে জয় এনে দিলেও মাঝমাঠের খেলোয়াড় পাবলো বারিওসের চোট দুশ্চিন্তা বাড়িয়েছে ।

লা লিগায় চতুর্থ স্থানে থাকা এ্যাথলেটিকো পঞ্চম স্থানে থাকা রিয়াল বেতিসের থেকে ১০ পয়েন্ট এগিয়ে আছে। এই মৌসুমে তাদের শিরোপা জয়ের আশা এখন ইউরোপীয় প্রতিযোগিতার ওপর নির্ভর করছে। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপে বিভোর রয়েছে এ্যাথলেটিকো। যদিও আগামী বুধবার ঘরের মাঠে প্রিমিয়ার রিগের শীর্ষ দল আর্সেনালের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের আগে বারিওসের মতো পরিশ্রমী মিডফিল্ডারকে হারানো বড় ধাক্কা হতে পারে। স্প্যানিশ এই মিডফিল্ডার সম্প্রতি উরুর চোট থেকে ফিরে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার বিপক্ষে দুই লেগই মিস করেছিলেন।

এ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে নামার আগে এ্যাথলেটিকো শেষ আট ম্যাচের সাতটিতেই হেরেছিল, যার মধ্যে গত সপ্তাহে কোপা দেল রে ফাইনালও ছিল।