ইরানের বদলে বিশ্বকাপে খেলতে রাজি নয় ইতালি

এফএফআইআরআই সভাপতি মেহদি তাজ বলেন, নিরাপত্তা নিশ্চিত না হলে তারা যুক্তরাষ্ট্রে যাবে না। তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে ইরানের ভেন্যুতে আয়োজনের দাবি জানানো হয়।

নয়া দিগন্ত অনলাইন
ইতালি ফুটবল দল
ইতালি ফুটবল দল |ফাইল ছবি

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি, অথচ টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ দলটা। ২০২৬ বিশ্বকাপকেও দর্শক হয়ে থাকতে হচ্ছে তাদের। তবে এর মাঝেই তাদের ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা ইরানের পরিবর্তে ইতালিকে বিশ্বকাপে অংশগ্রহণের প্রস্তাব দেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত পাওলো জাম্পলি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর কাছে এই অনুরোধ করেন।

তবে ইতালির ক্রীড়া কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে—এই ধরনের কোনো প্রস্তাবে তারা আগ্রহী নয়। ইতালির ক্রীড়ামন্ত্রী আন্দ্রে আবোদি এই প্রস্তাবকে ‘অসম্ভব ও অনুচিত’ বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, ‘২০২৬ বিশ্বকাপে ইতালির পুনরায় যোগ্যতা অর্জনের প্রশ্নই ওঠে না। প্রথমত, এটা সম্ভব নয়; দ্বিতীয়ত, এটা উপযুক্তও নয়। কোনটা আগে বলব বুঝতে পারছি না। যোগ্যতা অর্জন করতে হয় মাঠের খেলায়।’

ইতালি অলিম্পিক কমিটির সভাপতি লুচিয়ানো বুয়োনফিগ্লিও বিষয়টি নাকচ করে দিয়েছেন। তার ভাষায়, ‘আমি এটাকে অপমানজনক মনে করব। বিশ্বকাপে খেলতে হলে সেটার যোগ্যতা অর্জন করেই যেতে হয়, এভাবে নয়।’

ইতালির অর্থমন্ত্রী জিয়ানকার্লো জর্জেত্তিও এ প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথ হামলা চালায় ইরানে। পাল্টা জবাব হিসেবে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে হামলা চালায়। দুই দেশের এমন সঙ্ঘাতের প্রভাব পড়েছে ফুটবলে।

এর মাঝেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে মন্তব্য করেন যে ইরানের জন্য বিশ্বকাপে অংশ নেয়া, ‘নিরাপদ নাও হতে পারে।’ এমতাবস্থায় যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইরান ফুটবল।

এফএফআইআরআই সভাপতি মেহদি তাজ বলেন, নিরাপত্তা নিশ্চিত না হলে তারা যুক্তরাষ্ট্রে যাবে না। তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে ইরানের ভেন্যুতে আয়োজনের দাবি জানানো হয়।

তবে হয়তো তা আর হচ্ছে না। ইরানের দাবি নাকচ করে দেয় ফিফা। জানায়- বিশ্বকাপে খেলতে হলে যুক্তরাষ্ট্রে যেতেই হবে ইরানিদের। এমতাবস্থায় ইরান যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে যাবে কিনা, তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।