চমক জাগানিয়া স্কোয়াড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে ইংল্যান্ড। যেখানে জায়গা হয়নি ফিল ফোডেন, কোলে পালমার, হ্যারি ম্যাগুয়ার, ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের মতো তারকা ফুটবলারদের।
ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুখেল শুক্রবার আসন্ন বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছেন। যেখানে নেই অনেক বড় বড় তারকার উপস্থিতি।
বিশ্বকাপে ইংল্যান্ডের ৬০ বছরের শিরোপাখরা কাটানোর লক্ষ্য নিয়ে দায়িত্ব পাওয়া টুখেল বেশ কয়েকটি সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। রাখা হয়নি চলতি ইংলিশ লিগের সেরা গোলদাতাদের অনেককেই।
চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ইংলিশ খেলোয়াড়দের মধ্যে অন্যতম সর্বোচ্চ গোলদাতা হয়েও মরগ্যান গিবস-হোয়াইট ও ডমিনিক ক্যালভার্ট-লিউইন স্কোয়াডে জায়গা পাননি।
এদিকে গত উয়েফা ইউরো ২০২৪-এ ইংল্যান্ডকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন পালমার ও ফোডেন। তবে ক্লাব ফুটবলে হতাশাজনক পারফরম্যান্সের কারণে তাদের দলে রাখা হয়নি।
ইনজুরিতে জর্জরিত মৌসুম কাটালেও জন স্টোনসের ওপর আস্থা রেখেছেন টুখেল। অন্যদিকে, সৌদি আরবের ক্লাব আল-আহলিতে খেলা স্ট্রাইকার ইভান টনির অন্তর্ভুক্তি ছিল সবচেয়ে বড় চমক।
বিশ্বকাপে ইংল্যান্ড তাদের অভিযান শুরু করবে ১৭ জুন ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর তারা ২৩ জুন ঘানা এবং ২৭ জুন পানামার মুখোমুখি হবে।
ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক
জর্ডান পিকফোর্ড, ডিন হেন্ডারসন, জেমস ট্র্যাফোর্ড।
ডিফেন্ডার
রিস জেমস, টিনো লিভরামেন্তো, ড্যান বার্ন, মার্ক গেহি, জন স্টোনস, নিকো ও’রাইলি, এজরি কনসা, জ্যারেল কোয়ানসাহ, জেড স্পেন্স।
মিডফিল্ডার
ডেকলান রাইস, এলিয়ট অ্যান্ডারসন, জুড বেলিংহ্যাম, জর্ডান হেন্ডারসন, কোবি মাইনু, মরগান রজার্স, এবারেচি এজে।
ফরোয়ার্ড
হ্যারি কেইন, ইভান টনি, অলি ওয়াটকিনস, বুকায়ো সাকা, ননি মাদুয়েকে, মার্কাস রাশফোর্ড, অ্যান্থনি গর্ডন।



