বার্সার বিদায়, ৯ বছর পর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে আতলেতিকো

বার্সেলোনা ২-১ জিতেও দুই লেগ মিলিয়ে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে। আতলেতিকো মাদ্রিদ ৩-২ ব্যবধানে জিতে ৯ বছর পর সেমিফাইনালে উঠেছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

প্রত্যাবর্তনের গল্প লেখা হলো না বার্সেলোনার। চ্যাম্পিয়নস লিগ শেষ কাতালানদের। শেষ আটের ফিরতি ম্যাচে ২-১ গোলে জিতেও বিদায় নিতে হলো তাদের।

বিপরীতে ঘরের মাঠে হারলেও ২০১৭ সালের পর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পা রাখল আতলেতিকো মাদ্রিদ। প্রথম লেগে ২-০ গোলের জয় যেখানে রেখেছে বড় ভূমিকা।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারের টিকিট পেতে বার্সার দরকার ৩ গোল। বিপরীতে সুযোগ নেই গোল হজমের। মঙ্গলবার ফিরতি লেগে যার কোনোটিই করতে পারেনি বার্সেলোনা।

২০১৪ ও ১৬ সালের পর আরো একবার আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে শেষ আটেই আটকে গেছে তারা। করা হলো না শিরোপা পুনরুদ্ধার।

অথচ শুরুটা ছিল স্বপ্নের মতো। মাত্র ২৪ মিনিটের মাঝে জোড়া গোল করে সমর্থকদের আশাবাদী করে তুলে তারা। দুই লেগ মিলিয়ে ২-২ সমতায় ফেরে বার্সা।

এদিন মাত্র চার মিনিটেই জালের দেখা পান লামিনে ইয়ামাল। ফেরান তরেসের পাস থেকে বল নিয়ন্ত্রণ নিয়ে গোলকিপারের দুই পায়ের মাঝ দিয়ে জালে পাঠান তিনি।

আর ২৪ মিনিটে গোল করেন তোরেস নিজেই। দানি ওলমোর পাস পেয়ে বক্সে ঢুকে নিখুঁত শটে গোল করেন তিনি। সমতায় ফিরে সেমিফাইনাল স্বপ্নে বিভোর হয়ে উঠে দলটা।

তবে স্বপ্ন স্থায়ী হয়নি বেশি সময়। ৩১ মিনিটে লুকমানের গোলে ব্যবধান কমায় আতলেতিকো মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে আবারো ৩-২ গোলে এগিয়ে যায় স্বাগতিক শিবির।

এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ চালিয়েও আর সেমিফাইনালের রেসে ফেরা হয়নি কাতালানদের।

৫৫ মিনিটে তোরেসের একটি ভলি জালে জড়ালেও ভিএআর সেটিকে অফসাইড ঘোষণা করে বাতিল করে দেয়। উল্টা ৭৮ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় তারা।

এরিক গার্সিয়া আলেক্সান্ডার সরলথকে ফাউল করলে প্রথমে হলুদ কার্ড দেখানো হলেও ভিএআরের সহায়তায় তা লাল কার্ডে রূপ নেয়। এই সুবিধাও অবশ্য কাজে লাগাতে পারেনি স্বাগতিকেরা।

ম্যাচটা আতলেতিকো হেরে যায় ২-১ ব্যবধানে, তবে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে জিতে ৯ বছর পর তারা পেয়ে যায় সেমিফাইনালের টিকিট।