ভিনিসিয়াসের রিয়াল ছাড়ার জল্পনা

এদিকে রিয়ালের সামনে এখন তিনটি সম্ভাবনা—ভিনিসিয়াসের সাথে দ্রুত নতুন চুক্তি করা, বড় অঙ্কের প্রস্তাব এলে তাকে বিক্রি করে দেয়া, অথবা বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত দলে রেখে দেয়া।

নয়া দিগন্ত অনলাইন
ফাইল ছবি

রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে আলোচনা যেন থামছেই না। নতুন চুক্তি এখনো ঝুলে থাকায় দলবদলের গুঞ্জন আরো তীব্র হয়েছে। এরই মাঝে তার এজেন্ট মাইকেল ইয়োরমার্কের একটি পোস্ট নতুন করে আগুনে ঘি ঢেলেছে।

সম্প্রতি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর একটি ছবি পোস্ট করে ইয়োরমার্ক লিখেছেন, ‘London, here I come. Let's go!’—আর এতেই শুরু হয়েছে নতুন জল্পনা। ইউরোপীয় ফুটবল পাড়ার খবর, এই সফরের সাথে ভিনিসিয়াসের সম্ভাব্য দলবদলের যোগসূত্র থাকতে পারে।

স্প্যানিশ দৈনিক এএস-এর দাবি, আর্সেনাল কোচ মিকেল আরতেতা দীর্ঘদিন ধরেই ব্রাজিলিয়ান এই উইঙ্গারকে দলে টানতে আগ্রহী। শুধু তাই নয়, দলের আক্রমণভাগের মূল ভরসা হিসেবেও তাকে দেখতে চান স্প্যানিশ এই কোচ।

তাই ইয়োরমার্কের লন্ডন সফরকে নিছক ব্যক্তিগত সফর হিসেবে দেখছেন না অনেকেই। যদিও ছুটি কাটিয়ে ইতোমধ্যে রিয়াল মাদ্রিদের প্রাক-মৌসুম প্রস্তুতিতে যোগ দিয়েছেন ২৬ বছর বয়সী ভিনিসিয়াস। তবে ক্লাবের সাথে তার নতুন চুক্তি এখন হয়নি।

বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত থাকলেও গত কয়েক মাসের আলোচনা ফলপ্রসূ হয়নি। এদিকে কিলিয়ান এমবাপ্পের আগমনের পর রিয়ালের আক্রমণভাগে ভিনিসিয়াসের ভূমিকা আগের মতো নেই। অনেকটা আড়ালেই আছেন তিনি। ফলে দলবদলের বাজারে নতুন ঠিকানা তিনি খুঁজে নিতেই পারেন।

এদিকে রিয়ালের সামনে এখন তিনটি সম্ভাবনা—ভিনিসিয়াসের সাথে দ্রুত নতুন চুক্তি করা, বড় অঙ্কের প্রস্তাব এলে তাকে বিক্রি করে দেয়া, অথবা বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত দলে রেখে দেয়া।

তবে এখন পর্যন্ত ভিনিসিয়াসের ভবিষ্যৎ নিয়ে রিয়াল মাদ্রিদ বা তার প্রতিনিধিদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তাই লন্ডন সফর যতই আলোচনার জন্ম দিক না কেন, আপাতত সবকিছুই জল্পনা-গুঞ্জনের পর্যায়েই রয়েছে।