বিশ্বকাপে মার্কিন বৈষম্যের শিকার ইরান

বিশ্বকাপে ইরান দলের ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র, ফলে ম্যাচ শেষে তাদের দ্রুত মেক্সিকোর ক্যাম্পে ফিরতে হচ্ছে। এ ঘটনাকে বৈষম্যমূলক আচরণ বলে অভিযোগ তুলে ফিফার কাছে নালিশ করার ঘোষণা দিয়েছে ইরান।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ সময় আজ রাতে বেলজিয়ামের মুখোমুখি হবে ইরান
বাংলাদেশ সময় আজ রাতে বেলজিয়ামের মুখোমুখি হবে ইরান |সংগৃহীত

বেলজিয়ামের বিরুদ্ধে বিশ্বকাপ ম্যাচের আগে ইরান ফুটবল দলের ওপর দেয়া ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করতে পরিস্কার ভাষায় না করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলেস ও সিয়াটেলে খেলা থাকা সত্ত্বেও ইরানের খেলোয়াড়দের বাড়তি সময় অবস্থান করতে দেয়া হবে না।

মার্কিন যুক্তরাষ্ট্রের এই বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ফিফার কাছে নালিশ জানানোর ঘোষণা দিয়েছে ইরান। তবে টুর্নামেন্ট বিষয়ক হোয়াইট হাউস টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি শনিবার রয়টার্সকে জানিয়েছেন, আপাতত তাদের আগের কঠোর সিদ্ধান্তই বহাল থাকছে।

যুক্তরাষ্ট্রের অদ্ভুত নিয়মের কারণে ইরানি দল কেবল ম্যাচের ২৪ ঘণ্টা আগে ভেন্যুতে আসতে পারছে এবং খেলা শেষ হতেই ক্লান্ত শরীরে খেলোয়াড় দল সরাসরি মেক্সিকোর টিজুয়ানায় তাদের মূল ক্যাম্পে ফিরে যেতে বাধ্য হচ্ছে।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইরানের কোচ আমির ঘালিনোই তার দলকে পুরো বিশ্বকাপের সবচেয়ে নিপীড়িত দল হিসেবে উল্লেখ করেছেন।

গত সপ্তাহে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়তে হয় ইরানি প্রতিনিধিদলকে। স্থানীয় সময় রাত ৮টায় খেলা শেষ হওয়ার পর হোটেলেই এক রাত বিশ্রামের সুযোগ না দিয়ে তাদের তাড়াহুড়ো করে মেক্সিকোর ক্যাম্পে ফেরত পাঠানোয় যুক্তরাষ্ট্রের ভিসা নীতির তীব্র সমালোচনা চলছে।

কোচ ঘালিনোই বলেন, স্বাভাবিকভাবে শারীরিক ক্লান্তি কাটানোর জন্য দল আশা করেছিল খেলা শেষে তারা ক্যালিফোর্নিয়াতে রাত কাটাবে।

যুক্তরাষ্ট্রের এমন হয়রানির মুখে প্রথম ম্যাচের পর ইরানের উইঙ্গার মেহেদি তোরাবির এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। পরে অবশ্য টিম অফিশিয়ালরা তাকে একটি মাল্টিপল ভিসা এনে দিতে সক্ষম হন এবং মার্কিন স্টেট ডিপার্টমেন্টও বিষয়টি সমাধানের দাবি করে। তবে বেলজিয়ামের সাথে রোববারের ম্যাচের জন্যও একই নিয়ম বহাল রাখা হয়েছে।

ম্যাচের মাত্র ২৪ ঘণ্টা আগে শনিবার সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর কথা রয়েছে ইরানের। এদিকে মেক্সিকো থেকে রওনা দেয়ার সময় ইরানি খেলোয়াড় আলিরেজা জাহানবখশকে পবিত্র কোরআন শরিফ কপালে ছুঁয়ে দোয়া করতে দেখা গেছে।

জুলিয়ানি দাবি করেছেন, পরিস্থিতি পরিবর্তনশীল এবং শুক্রবার সিয়াটেলে মিসরের বিরুদ্ধে ইরানের তৃতীয় ম্যাচের আগে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।

তবে তিনি স্পষ্ট করে দেন, বেলজিয়ামের সাথে খেলা শেষ হতেই মাত্র ২৭ মিনিটের ফ্লাইটে ইরানকে আবারো টিজুয়ানায় ফিরে যেতে হবে।

তিনি মার্কিন পদক্ষেপের পক্ষে সাফাই গেয়ে বলেন, টুর্নামেন্টের আগে ইরানের ক্যাম্প টুসন থেকে টিজুয়ানায় সরিয়ে নেয়ায় তাদের যাতায়াতের সময় এক ঘণ্টা কমেছে। সব খেলোয়াড় ও কোচ ভিসা পেলেও কিছু কর্মকর্তার বিরুদ্ধে নেতিবাচক তথ্য থাকার অজুহাতে ভিসা দেয়া হয়নি বলে তিনি জানান।

মার্কিন নাগরিক ও বিদেশী দর্শকদের নিরাপত্তার দোহাই দিয়ে জুলিয়ানি বলেন, কোনো ধরনের হুমকি না থাকলেও তাদের গোয়েন্দা সংস্থাগুলো নজরদারি চালাচ্ছে।

সূত্র : আল জাজিরা