ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্তে ফিফা

লিয়ান্দ্রো পারেদেসের লাল কার্ড, নাহুয়েল মোলিনার বিরুদ্ধে স্পেন অধিনায়ক রদ্রিকে ঘুষি মারার চেষ্টা ও দানি ওলমোকে ধাক্কা দেয়ার ঘটনায় আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালার ভূমিকাও তদন্তের আওতায় এসেছে।

নয়া দিগন্ত অনলাইন
ফাইল ছবি

বিশ্বকাপ ফাইনালের উত্তেজনা শেষ হলেও মাঠের লড়াই যেন গড়িয়েছে শেষ বাঁশির পরও। স্পেনের কাছে ১-০ গোলে হারের পর মাঠেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দেয় আর্জেন্টিনা দলের কয়েকজন খেলোয়াড় ও কোচিং স্টাফ।

এবার তাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তদন্ত শুরু করতে যাচ্ছে ফিফা। স্কাই স্পোর্টস জানিয়েছে, ম্যাচ রেফারির প্রতিবেদন ও বিভিন্ন ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আনুষ্ঠানিকভাবে ঘটনাগুলোর তদন্ত করবে সংস্থাটি।

তদন্তের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ম্যাচের শেষ মুহূর্ত ও শেষ বাঁশি বাজার পর ঘটে যাওয়া একাধিক বিতর্কিত ঘটনা। যার মাঝে সবচেয়ে আলোচিত বিষয় হলো মাঠে তৈরি হওয়া উত্তেজনাপূর্ণ পরিস্থিতি।

যেখানে লিয়ান্দ্রো পারেদেসের লাল কার্ড, নাহুয়েল মোলিনার বিরুদ্ধে স্পেন অধিনায়ক রদ্রিকে ঘুষি মারার চেষ্টা ও দানি ওলমোকে ধাক্কা দেয়ার ঘটনায় আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালার ভূমিকাও তদন্তের আওতায় এসেছে।

শুধু মাঠের ঘটনাই নয়, পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও আর্জেন্টিনার কয়েকজন ফুটবলারের আচরণ নিয়ে প্রশ্ন ওঠেছে। স্পেন যখন বিশ্বকাপ ট্রফি নিয়ে উদযাপনে ব্যস্ত, তখন আর্জেন্টিনার কিছু খেলোয়াড় তাদের দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে ছিলেন।

ফিফার শৃঙ্খলাবিধি অনুযায়ী এই আচরণও তদন্তের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। ফিফা এখন ম্যাচ কর্মকর্তাদের প্রতিবেদন, ভিডিও প্রমাণ এবং সংশ্লিষ্টদের বক্তব্য পর্যালোচনা করবে। তদন্ত শেষে প্রয়োজন হলে বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হতে পারে।

তবে পুরো তদন্ত শেষ করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে ফিফার কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছে স্কাই স্পোর্ট।