এক যুগের বেশি সময়ে লা লিগার কোনো খেলোয়াড় যা করতে পারেননি, ১৮ বছর বয়সেই তা করে দেখালেন লামিনে ইয়ামাল। এক মৌসুমে তিনবার জিতলেন মাস সেরার পুরস্কার।
লা লিগায় এপ্রিল মাসের সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন বার্সেলোনা ফরোয়ার্ড। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে ইয়ামালের সেরা হওয়ার খবরটি জানায় কর্তৃপক্ষ। তাতেই ইয়ামাল গড়েন বিরল এক রেকর্ড। এই নিয়ে চলতি মৌসুমে তিনবার মাস সেরা নির্বাচিত হলেন তিনি। ২০১৩ সালে পুরস্কার প্রথা চালু হওয়ার পর যে রেকর্ড নেই আর কারো।
এর আগে, গত নভেম্বর ও ডিসেম্বরে মাস সেরার এই পুরস্কার পেয়েছিলেন তিনি। তিন মাস পর আবারো জিতলেন এই স্বীকৃতি। তরুণ ইয়ামালের জন্য যা বিশেষ প্রাপ্তিই বটে।
এবার সেরা হওয়ার লড়াইয়ে তিনি হারিয়েছেন মায়োর্কার ভেদাত মুরিকি, রিয়াল সোসিয়েদাদের কার্লোস সোলের, আলাভেসের লুকাস বোয়ে ও ওবিয়েদোর ফেদে ভিনাসকে।
চলতি মাসে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে বার্সেলোনা ও জিতেছে সবগুলোই। আর প্রতিটিতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ইয়ামাল। এই সময়ে করেছেন জোড়া গোল ও জোড়া অ্যাসিস্ট।
তবে মাস সেরার পুরস্কার চলতি মৌসুমে আর বাড়ানোর সুযোগ নেই ইয়ামালের। চোট পেয়ে মৌসুমের বাকি সময়ের জন্য ছিটকে গেছেন মাঠের বাইরে।
মাঠের বাইরে চলে যাওয়ার আগে এবারের লা লিগায় ২৮ ম্যাচ খেলে ১৬টি গোল ও আসর সর্বোচ্চ ১১টি অ্যাসিস্ট করেছেন ইয়ামাল।



