নাটোরের সিংড়ায় দিনে-দুপুরে বুলবুলি খাতুন (২০) নামের সাত মাসের এক গর্ভবতী নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী আব্দুল্লাহকে (২২) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কুঞ্চিভাদরা গ্রামে এই ঘটনা ঘটে। আব্দুল্লাহ মাদকাসক্ত বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বুলবুলি খাতুন তার স্বামীকে দুপুরের ভাত খেতে দেন। এসময় তুচ্ছ ঘটনা নিয়ে দু’জনের মধ্যে তর্কবিতর্কে স্বামী তার স্ত্রীকে ধারাল দা দিয়ে এলোপাতারি কুপিয়ে জখম করেন। পরে গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। আর আব্দুল্লাহকে পালিয়ে যাওয়া সময় স্থানীয় জনতা আটক করেন। ওই দম্পতির ঘরে আরিফা খাতুন (২) নামে একটি শিশু সন্তান রয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় নিহতের স্বামী আটক রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।



