পঞ্চম ও চূড়ান্ত সেট ১৫-১০ ব্যবধানে জিতে গ্রুপ 'এ'-তে শীর্ষে পোল্যান্ড, দ্বিতীয় স্থানে গতবারের চ্যাম্পিয়ন তুরস।
শুক্রবার পোল্যান্ডের কাছে ৩-২ সেটে হেরেও ২০২৬ সালের সিইভি নারী ইউরোপিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে তুরস্ক।
ইস্তাম্বুলের সিনান এরদেম স্পোর্টস হলে অনুষ্ঠিত ম্যাচে পোল্যান্ড চূড়ান্ত পঞ্চম সেট ১৫-১০ ব্যবধানে জিতে নেওয়ায় গ্রুপ 'এ'-তে দ্বিতীয় স্থানে থাকতে হয় গতবারের চ্যাম্পিয়ন তুরস্ককে।
দুই দলই আগের চার ম্যাচে অপরাজিত থেকে এই লড়াইয়ে নেমেছিল, ফলে গ্রুপ শীর্ষস্থান নির্ধারণে ম্যাচটি হয়ে ওঠে সরাসরি মুখোমুখি লড়াই।
শুরুটা দারুণ করে তুরস্ক, প্রথম সেট জেতে ২৫-১৫ ব্যবধানে। এরপর পোল্যান্ড দ্বিতীয় সেট ২৫-২১ পয়েন্টে জিতে সমতা ফেরায় ১-১-এ। তৃতীয় সেটেও ২৫-২২ ব্যবধানে জিতে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় পোলিশরা। তবে চতুর্থ সেটে ঘুরে দাঁড়িয়ে ২৫-১৬ ব্যবধানে জয় তুলে নিয়ে ম্যাচ পঞ্চম সেটে টেনে নেয় তুরস্ক। শেষ পর্যন্ত স্নায়ুচাপ ধরে রেখে পঞ্চম সেট ১৫-১০ ব্যবধানে জিতে পুরো ম্যাচ ৩-২ ব্যবধানে নিজেদের করে নেয় পোল্যান্ড এবং গ্রুপ 'এ'-তে শীর্ষস্থান দখল করে।
দ্বিতীয় স্থানে থাকা তুরস্ক শেষ ষোলোয় মুখোমুখি হবে আজারবাইজানের, তবে ম্যাচের সময়সূচি এখনো নির্ধারিত হয়নি।
প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ চারটি দল নকআউট পর্বে উত্তীর্ণ হবে, যা শেষ ষোলো দিয়ে শুরু হয়ে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল হয়ে পদক নির্ধারণী ম্যাচ পর্যন্ত গড়াবে।
২০২৬ সালের নারী ইউরোভলির ফাইনাল আগামী ৬ সেপ্টেম্বর ইস্তাম্বুলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি।
অনুবাদ: ময়নুল সোহান, নয়া দিগন্তের ইন্টার্ন শিক্ষার্থী।



