কোন পথে যাচ্ছে মিরপুর টেস্ট?

২৩০ রানে যখন ৫ উইকেট হারিয়ে কাঁপছে পাকিস্তান, তখন তাসকিন আহমেদের বলে শূন্য রানে ক্যাচ দিয়েছিলেন সালমান আগা। উদযাপনে মেতেছিল বাংলাদেশও। কিন্তু আম্পায়ারের ইশারায় সব আনন্দ মাটি হয়ে যায়। নো বল! জীবন ফিরে পেয়ে সালমান খেলেন ৫৪ রানের ইনিংস। ১১৯ রানের সাহসী জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ানের সাথে।

নয়া দিগন্ত অনলাইন

কোন পথে যাচ্ছে মিরপুর টেস্ট? তিনদিন পেরিয়ে গেলেও এই প্রশ্নের উত্তর মেলেনি। বরং আরো জটিল হচ্ছে সমীকরণ। মেহেদী মিরাজ তো বলেই দিলেন- ম্যাচ এখনো ফিফটি-ফিফটি।

স্কোরকার্ড বলছে, বাংলাদেশ ৩৪ রানে এগিয়ে। তবে বাস্তবতা বলছে, এগিয়ে নেই কোনো দলই। তিন দিনে বেশ কয়েকবার লাগাম হাত বদলের পর ম্যাচে এখন মোটামুটি ভারসাম্য।

প্রথম ইনিংসে প্রায় সমানে সমান লড়াই হওয়ায় এই টেস্টের ভাগ্য নির্ধারণ হবে এখন শেষ ইনিংসেই। অর্থাৎ প্রথম তিনদিনে যে লড়াই হলো, তার কোনো গুরুত্বই রইলো না আর তেমন করে।

টেস্টের প্রথম দিনে দাপট ছিল বাংলাদেশের। ৪ উইকেটে তুলে ৩০১ রান। দ্বিতীয় দিনে দারুণভাবে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। আর ১১২ রান যোগ করতেই টাইগারদের গুটিয়ে দেয় সফরকারীরা।

এরপর নিজেরা দারুণ ব্যাটিং করে। মাত্র ১ উইকেট হারিয়ে ১৭৯ রান তুলে দিন শেষ করে। তবে তৃতীয় দিনে আবার বোলারদের হাত ধরে ম্যাচে ফেরে বাংলাদেশ, জমিয়ে তুলে লড়াই।

নিজেদের ৪১৩ রানের বিপরীতে পাকিস্তানকে গুটিয়ে দেয় ৩৮৬ রানে। এরপর দিনশেষ হবার আগে নিজেরা তুলেছে বিনা উইকেটে আরো ৭ রান। সব মিলিয়ে ৩৪ রানে এগিয়ে বাংলাদেশ। আরো বড় লিডই পেতে পারত বাংলাদেশ।

২৩০ রানে যখন ৫ উইকেট হারিয়ে কাঁপছে পাকিস্তান, তখন তাসকিন আহমেদের বলে শূন্য রানে ক্যাচ দিয়েছিলেন সালমান আগা। উদযাপনে মেতেছিল বাংলাদেশও। কিন্তু আম্পায়ারের ইশারায় সব আনন্দ মাটি হয়ে যায়। নো বল! জীবন ফিরে পেয়ে সালমান খেলেন ৫৪ রানের ইনিংস। ১১৯ রানের সাহসী জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ানের সাথে।

তাদের ১১৯ রানের জুটিই মূলত পাকিস্তানকে ম্যাচে টিকিয়ে রাখে। সেই সাথে জমিয়ে তুলেছে মিরপুর টেস্ট। অন্যাথায় বেশ বড় লিড পেতো বাংলাদেশ।

যাহোক, জিততে চাইলে এই লিডই আরো বড় করতে হবে। কতটা বড় করতে হবে, তার আভাসও দিয়েছেন মিরাজ। ২৯০-৩০০ রান করতে পারলে জিততে পারবে বাংলাদেশ, এমনটাই বিশ্বাস তার।

আর এতে এমন লিড আনতে বড় ভূমিকা রাখতে হবে ওপেনারদের। প্রথম ইনিংসে সাদমান ও মাহমুদুল হাসান দুই ওপেনারের কেউ তেমন কিছু করতে পারেননি। এবার তাদের থেকে ভালো কিছু চায় দল। ভালো কয়েকটি জুটি গড়তে পারলে বড় সংগ্রহ পাওয়া সম্ভব।