জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্থার ঘটনায় ফুঁসছে ক্রিকেট পাড়া। বিষয়টি নিয়ে সমর্থকদের পাশাপাশি উদ্বিগ্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি তাদের।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, শুক্রবার রাতে ঘটে যাওয়া এ ঘটনায় তারা অত্যন্ত উদ্বিগ্ন। একইসাথে এই ঘটনার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের ঘোষণা দিয়েছে।
বিসিবি বিবৃতিতে উল্লেখ করে, ‘শুক্রবার রাতে চট্টগ্রামে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের দ্বারা বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান নিগৃহীত ও হয়রানির শিকার হয়েছেন বলে যে খবর পাওয়া গেছে, তাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীর উদ্বেগ প্রকাশ করছে।’
‘খেলোয়াড়ের প্রতি প্রদর্শিত এমন অগ্রহণযোগ্য ও অশোভন আচরণের তীব্র নিন্দা জানাচ্ছে বোর্ড ও এই ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখছে। একজন জাতীয় ক্রীড়াবিদের সাথে এমন আচরণ অত্যন্ত দুঃখজনক এবং অবিলম্বে এর প্রতিকার হওয়া প্রয়োজন।’
‘বিসিবি এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছে যেন দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।’
‘ঘটনাটি জানার পর থেকেই বিসিবি নাঈম হাসান ও তার পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে, যাতে তাদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করা যায় এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা সম্ভব হয়। এছাড়া, এই গুরুতর বিষয়টি সমাধানের জন্য বোর্ড চট্টগ্রামের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
বিবিসি উল্লেখ করে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার সকল খেলোয়াড়ের কল্যাণ, মর্যাদা এবং অধিকার রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ এবং এই ঘটনার পরবর্তী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।’
উল্লেখ্য, শুক্রবার শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসর। যেখানে প্রাইম ব্যাংকের হয়ে খেলেছেন জাতীয় দলের স্পিনার নাঈম হাসান। খেলা শেষে রাতেই ফিরছিলেন বাড়িতে। তবে যাত্রাপথে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন তিনি।
চট্টগ্রামে বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে লালখান বাজারে ফ্লাইওভারের নিচে ডিবি পরিচয়ে তাকে আটক ও নির্যাতনের অভিযোগ করেছেন এই স্পিনার। এতটাই হেনস্থার শিকার হয়েছেন যে ঘটনা বর্ণনা করতে গিয়ে এক পর্যায়ে কেঁদে ফেলেন তিনি।



