গতরাতে পর্দা নেমেছে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি টুর্নামেন্টের। শ্বাসরুদ্ধকর ফাইনালে যেখানে শেষ হাসি ধূমকেতুর। ফাইনালে দুর্বারকে হারিয়েছে ৭ রানে।
শিরোপা জেতার পাশাপাশি মোটা অঙ্কের প্রাইজমানিও জিতেছে ধূমকেতু। চ্যাম্পিয়ন হওয়ায় ১ কোটি টাকা জিতেছে দলটি। বিপরীতে ৪০ লাখ টাকা পেয়েছে দুর্বার।
আসরজুড়ে দারুণ পারফর্ম করে টুর্নামেন্ট সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন সাইফ হাসান। পেয়েছেন ৫ লাখ টাকার প্রাইজমানি।
বিপিএলটা ভুলে যাওয়ার মতো হলেও অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টিতে তিনি ছিলেন স্বরূপে। সাইফ ৩ ম্যাচে প্রায় ৫৩ গড়ে করেন ১৫৭ রান। স্ট্রাইকরেট ছিল ১৬৭।
সাইফের চেয়ে ১ রান বেশি করে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক নুরুল হাসান সোহান। সোহান পেয়েছেন ৩ লাখ টাকার প্রাইজমানি। ৭৯ গড় ও ১৫৪ স্ট্রাইকরেটে তার রান ছিল ১৫৮।
সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন ৩ জন। রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান ও হাসান মাহমুদ। সমান ৫টি করে উইকেট পেয়েছেন তারা। ৩ লাখ টাকার পুরস্কারও তাই নিয়েছেন ভাগাভাগি করেই।
আর ফাইনালে দুর্বারকে হারানোর নায়ক তানজিদ তামিম পেয়েছেন ১ লাখ টাকার ‘প্লেয়ার অফ দ্য ফাইনাল’ পুরস্কার। ফাইনালে ৫৪ বলে অপরাজিত ৮৮ রানের ইনিংস খেলেন তিনি।
উল্লেখ্য, সোমবার শ্বাসরুদ্ধকর শিরোপা নির্ধারণী ম্যাচে দুর্বারকে ৭ রানে হারিয়ে শিরোপা জেতে ধূমকেতু। লিটন দাসদের ৩ উইকেট হারিয়ে করা ২০৮ রানের বিপরীতে ৫ উইকেটে ২০১ রান করে থামে দুর্বার।



