অল্পের জন্য বিশ্ব রেকর্ড মিস শান্তর

২০২৩ সালের জুনে আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে দুই ইনিংসে যথাক্রমে- ১৪৬ ও ১২৪ রান করেছিলেন শান্ত। এরপর গত বছর জুনে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের দুই ইনিংসে যথাক্রমে- ১৪৮ ও অপরাজিত ১২৫ রান করেছিলেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
নাজমুল হোসেন শান্ত
নাজমুল হোসেন শান্ত |ফাইল ছবি

মাত্র ১৩ রানের জন্য বিশ্ব রেকর্ড গড়তে পারলেন না বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১০১ রান করেন শান্ত। এরপর দ্বিতীয় ইনিংসে ৮৭ রানে আউট হন তিনি। এই ইনিংসেও সেঞ্চুরি করলে বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে তৃতীয়বার এক টেস্টে জোড়া সেঞ্চুরির কীর্তি গড়তেন শান্ত। টেস্ট ক্যারিয়ারে দু’বার এক টেস্টে জোড়া সেঞ্চুরির নজির আছে তার।

টেস্টে তিনবার জোড়া সেঞ্চুরির বিশ্ব রেকর্ড করেছেন ভারতের সুনিল গাভাস্কার, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং এবং ডেভিড ওয়ার্নার।

২০২৩ সালের জুনে আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে দুই ইনিংসে যথাক্রমে- ১৪৬ ও ১২৪ রান করেছিলেন শান্ত। এরপর গত বছর জুনে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের দুই ইনিংসে যথাক্রমে- ১৪৮ ও অপরাজিত ১২৫ রান করেছিলেন তিনি।

দু’বার এক টেস্টে জোড়া সেঞ্চুরিতে জর্জ হ্যাডলি, হাবার্ট সাটক্লিফ, ক্লাইড ওয়ালকট, গ্রেগ চ্যাপেল, অ্যালান বোর্ডার, অরবিন্দ ডি সিলভা, রাহুল দ্রাবিড়, ম্যাথু হেইডেন, জ্যাক ক্যালিস, কুমার সাঙ্গাকারা ও ব্রেন্ডন টেইলরের পাশে নাম আছে শান্তর।