বাংলাদেশের ১৪তম খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে শততম ম্যাচ খেলার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস।
সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে খেলার সুযোগ পেলে দেশের হয়ে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন লিটন।
২০১৫ সালের জুনে মিরপুরে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় লিটনের। এরপর ২০২২ সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের ৫০তম ম্যাচ খেলতে নামেন তিনি।
এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ৯৯ ম্যাচের ৯৮ ইনিংসে ৫টি সেঞ্চুরি ও ১২টি হাফ-সেঞ্চুরিতে ২৭০০ রান করেছেন লিটন। তার ব্যাটিং গড়- ৩০.৩৩ এবং স্ট্রাইক রেট ৮৫.৭৬। পাশাপাশি উইকেটরক্ষক হিসেবে ৬৮টি ক্যাচ ও ৫টি স্টাম্পিং করেছেন।
লিটনের আগে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে শততম ম্যাচ খেলেছেন ১৩ জন ক্রিকেটার। তারা হলেন- মুশফিকুর রহিম (২৭৪ ম্যাচ), সাকিব আল হাসান (২৪৭ ম্যাচ), তামিম ইকবাল (২৪৩ ম্যাচ), মাহমুদুল্লাহ রিয়াদ (২৩৯ ম্যাচ), মাশরাফি বিন মর্তুজা (২১৮ ম্যাচ), মোহাম্মদ আশরাফুল (১৭৫ ম্যাচ), আব্দুর রাজ্জাক (১৫৩ ম্যাচ), খালেদ মাসুদ (১২৬ ম্যাচ), মোহাম্মদ রফিক (১২৩ ম্যাচ), মোস্তাফিজুর রহমান (১১৯ ম্যাচ), মেহেদী হাসান মিরাজ (১১৮ ম্যাচ), হাবিবুল বাশার (১১১ ম্যাচ) এবং রুবেল হোসেন (১০৪ ম্যাচ)।



