ভারতে বিশ্বকাপ না খেলতে অনড় বাংলাদেশ

এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) কয়েক দফা চিঠি দিয়েছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। আইসিসি থেকে এখনো কোনো সাড়া না মিললেও নানা সূত্রে বিভিন্ন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
বিসিবি ও আইসিসি
বিসিবি ও আইসিসি |সংগৃহীত

নিরাপত্তা শঙ্কায় এখন বিশ্বকাপ খেলতে ভারতে যেতেই রাজি নয় বাংলাদেশ। বিসিবির দাবি, ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের। বিশ্বকাপের অন্য ভেন্যু শ্রীলঙ্কার মাটিতে খেলতে চায় টাইগাররা।

এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) কয়েক দফা চিঠি দিয়েছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। আইসিসি থেকে এখনো কোনো সাড়া না মিললেও নানা সূত্রে বিভিন্ন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে।

এর মাঝে জানা যায়, বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু বদলে দেবে আইসিসি। তবে ভারতের বাইরে নয়, কলকাতা ও মুম্বাইয়ের বদলে সেই দেশেরই অন্য দুই স্টেডিয়ামে গড়াবে বাংলাদেশের ম্যাচগুলো।

জানা যায়, তামিলনাড়ু ও কেরালায় অনুষ্ঠিত হতে পারে বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচ দু’টি। কিন্তু আইসিসি এমন কোনো সিদ্ধান্ত নিলে তা মেনে নেয়া হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

সোমবার গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘ভারতে বিশ্বকাপ খেলার কোনো পরিবেশ নেই। সেখানে বাংলাদেশ বিদ্বেষী পরিবেশ বিরাজ করছে।’

তিনি বলেন, আইসিসি গ্লোবাল অর্গানাইজেশন হয়ে থাকলে আমাদের অবশ্যই শ্রীলঙ্কায় খেলার সুযোগ হওয়া উচিত। ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্তের বিষয়ে নতি স্বীকার করব না।

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে যৌথ আয়োজন হলেও বাংলাদেশের সবগুলো ম্যাচ হওয়ার কথা ভারতে। তবে নিরাপত্তা শঙ্কা থাকায় টাইগাররা ভারতের বদলে শ্রীলঙ্কায় খেলতে চাচ্ছে।